এপেক্স ফুটওয়্যার লিমিটেডের চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ২৯ দশমিক ২২ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৭২ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ২ টাকা ৪৩ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুসারে, গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএনভিপিএস) দাঁড়িয়েছে ২৪১ টাকা ৩৬ পয়সায়।
এদিকে সর্বশেষ সমাপ্ত ২০২২-২০২৩ হিসাব বছরে এপেক্স ফুটওয়্যারের ইপিএস বেড়েছে প্রায় ২১ শতাংশ। একই সঙ্গে কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। প্রতিবেদন অনুসারে, ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে এপেক্স ফুটওয়্যারের ইপিএস হয়েছে ১২ টাকা ৮৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১০ টাকা ৬৪ পয়সা।










