ফেডের আগ্রাসী পলিসি গ্রহণ এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে মিশ্র উপাত্ত প্রকাশের মধ্যে স্বর্ণের দাম ফের কমেছে। মাইনিং ডটকমের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার বিশ্ববাজারে স্বর্ণের দাম ২০২০ সালের এপ্রিল-পরবর্তী সর্বনিম্নে দাঁড়িয়েছে।
স্পট বাজারে স্বর্ণের দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি ১ হাজার ৬৮৮ ডলারে দাঁড়িয়েছে। চলতি সপ্তাহের শুরুতেই স্বর্ণের দাম ১ হাজার ৭০০ ডলারের নিচে নেমে এসেছিল। যুক্তরাষ্ট্রে ভবিষ্যৎ সরবরাহ বাজারে স্বর্ণের দাম ১ দশমিক ৮ শতাংশ কমে আউন্সপ্রতি ১ হাজার ৬৭৭ ডলারে দাঁড়িয়েছে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আগ্রাসী মুদ্রানীতি গ্রহণের কথা ভাবছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক। এতে ডলারের মূল্যসূচক দুই দশকের সর্বোচ্চে দাঁড়িয়েছে। বেকারত্ব সুবিধা গ্রহণের আবেদন হ্রাসের ফলে স্পষ্ট যে, যুক্তরাষ্ট্রের শ্রমবাজার বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আগস্টে শীর্ষ অর্থনীতিটির খুচরা বিক্রি অপ্রত্যাশিত বেড়েছে। কারখানা কার্যক্রমও বেড়েছে।
ফেডের আগ্রাসী নীতির কারণে চলতি বছরে স্বর্ণের দাম প্রায় ৮ দশমিক ৮ শতাংশ কমেছে। ডলারের বিনিময় হার বৃদ্ধিও স্বর্ণের দাম হ্রাসে ভূমিকা রেখেছে।










