আন্তর্জাতিক বাজারে গতকাল স্বর্ণের দাম টানা চতুর্থ দিনের মতো বেড়েছে। এর মধ্য দিয়ে মূল্যবান ধাতুটির বাজারদর ছয় মাসের সর্বোচ্চে পৌঁছল। কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, গতকাল ডলারের বিনিময় হার কমায় অন্য মুদ্রার ক্রেতাদের কাছে ধাতুটির চাহিদা ছিল বাড়তি। তার ওপর মার্কিন ফেডারেল রিজার্ভ সুদহার বৃদ্ধির ধারায় ইতি টানতে পারে, এমন সম্ভাবনা দেখা দেয়ায় বিনিয়োগকারীদের কাছে ধাতুটির কদর বেড়েছে। রয়টার্স।
স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম আগের দিনের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২ হাজার ৪১ ডলার ৫৫ সেন্টে, যা গত ১০ মের পর সর্বোচ্চে। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) ধাতুটির ভবিষ্যৎ সরবরাহ মূল্য ১ দশমিক ৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ২ হাজার ৪০ ডলারে উন্নীত হয়েছে।
কিটো মেটালসের জ্যেষ্ঠ বিশ্লেষক জিম ওয়াইকফ জানান, ফেডারেল রিজার্ভের সুদহার না বাড়ানোর প্রত্যাশায় ডলারের বিনিময় হার অব্যাহত কমছে। ফলে নিকট ভবিষ্যতে ধাতুটির বাজারদর ঊর্ধ্বমুখী থাকবে। আগামী বছরের শুরুর দিকে ফেড সুদহার কমাতে পারে বলেও মনে করছেন তিনি।










