চলতি বছর নজিরবিহীন দাম বেড়েছে প্রাকৃতিক গ্যাসের। বিকল্প হিসেবে বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ফলে আগস্টে জ্বালানি পণ্যটির মজুদে ধস নেমেছে। ১৯৯৭ সালের পর এটিই সর্বনিম্ন মজুদ।
মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) মাসভিত্তিক ইলেকট্রিসিটি রিপোর্টে জানায়, আগস্টে যুক্তরাষ্ট্রে কয়লার মজুদ জুলাইয়ের তুলনায় ১৩ দশমিক ২ শতাংশ কমে যায়। মজুদের পরিমাণ দাঁড়ায় ৮ কোটি ৪০ লাখ টনে।
ইআইএ বলছে, ২০০১ সালে বিদ্যুৎকেন্দ্র পরিচালনার রিপোর্ট থেকে মজুদ রেকর্ড করা শুরু হয়। ওই বছরের পর এবারই সবচেয়ে বেশি মজুদ কমেছে। অন্যদিকে ব্লুমবার্গের প্রাক্কলিত হিসাব বলছে, যুক্তরাষ্ট্রে কয়লার মজুদ কমে ২৪ বছরের সর্বনিম্নে নেমেছে।
ইআইএর তথ্য বলছে, পশ্চিমাঞ্চল ছাড়া যুক্তরাষ্ট্রের সব অংশেই আগস্টে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ে। মাইনার অ্যালায়েন্স রিসোর্স পার্টনারসের প্রেসিডেন্ট ও সিইও জো ক্রাফট বলেন, ঊর্ধ্বমুখী চাহিদার কারণে বিশ্বব্যাপী জীবাশ্ম জ্বালানি সরবরাহ খুব বাজেভাবে কমেছে। নাটকীয় দরপতন ঘটেছে এসব জ্বালানির বাজারে। চলতি বছরের শুরু থেকে বিশ্বজুড়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম বাড়ছে। এর মধ্যে এশিয়া ও ইউরোপে বেড়েছে চার গুণ।










