চলতি বছরের মে মাসে মালয়েশিয়া এয়ারপোর্ট এক কোটি যাত্রী চলাচলের রেকর্ড স্পর্শ করেছে। গত বছরের একই সময়ে ৭২ লাখ যাত্রী চলাচল করেছিল, যা চলতি বছরের তুলনায় ৩৭ দশমিক ৭ শতাংশ কম। সম্প্রতি এমনটাই জানিয়েছে মালয়েশিয়া এয়ারপোর্ট হোল্ডিংস বিএইচডির (এমএএইচবি) বিমানবন্দর নেটওয়ার্ক। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

২০২০ সালের মার্চে কভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাবের পর এটিই সর্বোচ্চ যাত্রী পরিবহনের রেকর্ড। গত ডিসেম্বরে বিমানবন্দরটির যাত্রী পরিবহনের পরিমাণ ছিল ৯৫ লাখ ২০ হাজার। কভিড-১৯-পূর্ব সময়ে সর্বশেষ ২০২০ সালের জানুয়ারিতে যাত্রী পরিবহন ছিল তুঙ্গে। তখন প্রায় ১ কোটি ১৮ লাখ ৯০ হাজার যাত্রী চলাচল করেছিল। তবে পরবর্তী মাসেই তা কমে দাঁড়ায় ৮৮ লাখ ৭০ হাজারে।

এমএএইচবির দাবি অনুসারে, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও চীন থেকে উল্লেখযোগ্য হারে আকাশপথের যাত্রী সংখ্যা বেড়েছে। ফলে আন্তর্জাতিক খাতে সামগ্রিকভাবে যাত্রী বেড়েছে ২৯ লাখ ৮০ হাজার। 

এমএএইচবি বর্তমানে মালয়েশিয়াজুড়ে ৩৯টি বিমানবন্দরের পাশাপাশি তুরস্কের একটি আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনা করে।