ব্রাজিলে ২০২৪-২৫ মৌসুমে ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ কফি উৎপাদনের সম্ভাবনা দেখা দিয়েছে। উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে ৭ কোটি ৪২ লাখ ৪০ হাজার ব্যাগে (প্রতি ব্যাগে ৬০ কেজি), যা ২০২০-২১ মৌসুমের রেকর্ড উৎপাদনের চেয়েও বেশি। বাজার গবেষণা প্রতিষ্ঠান হেজপয়েন্ট গ্লোবাল মার্কেটসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এতে বলা হয়, আগামী বছর দেশটিতে ৪ কোটি ৮৩ লাখ ১০ হাজার ব্যাগ অ্যারাবিকা কফি উৎপাদন হতে পারে। আগের পূর্বাভাসে উৎপাদনের পরিমাণ ধরা হয়েছিল ৪ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ব্যাগ। রোবাস্তা উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে ২ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ব্যাগ, আগের পূর্বাভাসে যা ছিল ২ কোটি ৩২ লাখ ৮০ হাজার ব্যাগ। রোবাস্তা উৎপাদন ব্যাপক মাত্রায় বাড়ার সম্ভাবনা দেখছেন হেজপয়েন্টের বিশ্লেষকরা। উষ্ণ আবহাওয়া অ্যারাবিকা উৎপাদনের ওপর কিছুটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মনে করছেন তারা।

প্রতিষ্ঠানটি আরো জানায়, আগামী বছর কফির ঘাটতি থেকে ৩৩ লাখ ৮০ হাজার টনের উদ্বৃত্তে ফিরতে পারে। ২০২৩-২৪ মৌসুমে ঘাটতির পরিমাণ দাঁড়াতে পারে ১৫ লাখ ব্যাগে।