যুক্তরাজ্যের বিস্কুট প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইউনাইটেড বিস্কুটস টপকো লিমিটেডের সঙ্গে যৌথভাবে ব্যবসা করতে যাচ্ছে এসিআই লিমিটেড। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। 

তথ্য অনুসারে, কোম্পানিটির পর্ষদ ইউনাইটেড বিস্কুটস টপকো লিমিটেডের সঙ্গে যৌথ উদ্যোগে একটি কোম্পানি গঠনের জন্য অনুমোদন দিয়েছে। কোম্পানির নাম প্রস্তাব করা হয়েছে প্ল্যাডিস এসিআই বাংলাদেশ লিমিটেড। প্রস্তাবিত কোম্পানিতে এসিআই ৪৯ শতাংশ শেয়ারহোল্ডিংয়ের বিপরীতে আগামী দুই বছরে ৫০ কোটি টাকা বিনিয়োগ করবে। কোম্পানি গঠনে অন্যান্য শর্তসাপেক্ষে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নেবে এসিআই।

চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৭ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৩ টাকা ৭৫ পয়সা।