চলতি বছরে ভারত থেকে প্রায় ১৯০ কোটি ডলার মূল্যের অটো যন্ত্রাংশ কেনার পরিকল্পনা করছে টেসলা। গত বছর বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি ভারত থেকে ১০০ কোটি ডলারের যন্ত্রাংশ কিনেছিল। টেসলার প্রধান নির্বাহী ইলোন মাস্ক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর ভারতে উল্লেখযোগ্য বিনিয়োগ অঙ্গীকারের অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে। খবর দ্য হিন্দু।

যদিও টেসলা এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। প্রতিষ্ঠানটি মে মাস থেকে ভারতের সঙ্গে এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এর আগে ইলোন মাস্ক ভারতের উচ্চ আমদানি কর ও বিদ্যুচ্চালিত গাড়ির নীতির বিষয়ে সমালোচনা করেছিলেন। ভারত টেসলাকে তাদের প্রতিদ্বন্দ্বী চীনে তৈরি করা গাড়ি বিক্রি না করার পরামর্শ দেয়।

ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ুষ গয়াল সব স্টেকহোল্ডারের জন্য সমান সুযোগ প্রদানে সরকারের অঙ্গীকারের ওপর জোর দিয়েছেন। ভারতীয় সরকারের লক্ষ্য আরো বিনিয়োগকে উৎসাহিত করার পাশাপাশি বিদ্যুচ্চালিত গাড়ি উৎপাদন বাড়ানোর মাধ্যমে ভারতের অর্থনীতি শক্তিশালী করা।

ভারী শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হানিফ কুরেশি রয়টার্সকে জানিয়েছেন, ভারত অটো যন্ত্রাংশের নির্মাতাদের প্রণোদনা দেয়ার কথা ভাবছে। মার্চে ভর্তুকি কর্মসূচির দ্বিতীয় পর্যায় শেষ হওয়ার পরেও ভারতে হাইব্রিড ও বিদ্যুচ্চালিত গাড়ির ব্যবহার এবং উৎপাদনে প্রণোদনা অব্যাহত রাখবে।