বিশ্বের উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ হ্রাসের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জরুরি হয়ে উঠছে সবচেয়ে বেশি অপরিচ্ছন্ন জ্বালানি হিসেবে বিবেচিত কয়লার বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানো। এক্ষেত্রে আশার বাণী শুনিয়েছেন ক্লাইমেট অ্যাকশনের ইউরোপিয়ান কমিশনার ফ্রান্স টিমারম্যানস। তিনি বলেন, এরই মধ্যে বিশ্বজুড়ে কয়লা উত্তোলন স্তিমিত হতে শুরু করেছে। ২০৪০ সালের পর বিশ্ববাজারে জ্বালানি পণ্যটির ভূমিকা ক্ষুদ্র হয়ে আসবে।

ইতালির মিলান শহরে অনুষ্ঠিত কপ২৬ সামিট-পূর্ববর্তী জলবায়ু সংলাপে এসব কথা বলেন টিমারম্যানস। তার ভাষ্যমতে, বর্তমান বিশ্বে কয়লার কোনো ভবিষ্যৎ নেই। এমনকি কোনো ধরনের পদক্ষেপ ছাড়াই জীবাশ্ম জ্বালানি ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। কারণ শিল্পটিকে বাঁচিয়ে রাখার অর্থনৈতিক কোনো যুক্তি নেই। ২০৪০ সালের পরও বিশ্ববাজারে কয়লা উত্তোলন শিল্পের গুরুত্ব থাকলে খুব বেশি অবাক হবেন বলেও জানান টিমারম্যানস।