যুদ্ধ, অনিশ্চয়তা ও অস্থিতিশীলতার কারণে বৈশ্বিক অর্থনীতি চাপে পড়েছে বলে সতর্ক করেছেন বিশ্ব বাণিজ্য সংস্থার ডিরেক্টর জেনারেল এনগোজি ওকোঞ্জো ইউয়েলা। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এক শীর্ষ সম্মলনে এ কথা বলেন তিনি। খবর ইউরো নিউজ।

ওকোঞ্জো ইউয়েলা বলেন, ‘‌যুদ্ধ, অনিশ্চয়তা ও অস্থিতিশীলতা বৈশ্বিক অর্থনীতিকে ভারাক্রান্ত করে তুলছে। সর্বত্রই মানুষ তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। চলতি বছর ব্যালট বাক্সে এর প্রভাব পড়বে।’ এ সময় সংকট সমাধানে সদস্য দেশগুলোকে সংস্কার নীতি গ্রহণের আহ্বান জানান ডব্লিউটিও প্রধান।

বৈশ্বিক অর্থনীতিতে আসন্ন গুরুতর ঝুঁকি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন ডব্লিউটিওর প্রধান। তিনি বলেন, ‘‌খাদ্য, জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের উচ্চমূল্য জনগণের পকেটে আঘাত করছে। এতে জনমনে রাজনৈতিক হতাশা দীর্ঘ হচ্ছে।’

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডব্লিউটিও সম্পর্কে তার মনোভাব ইতিবাচক নয়। এর আগে সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার হুমকি দিয়েছিলেন তিনি। এছাড়া বন্ধু ও প্রতিদ্বন্দ্বী উভয় দেশ থেকে আমদানীকৃত পণ্যের ওপর বারবার শুল্ক আরোপ করে তার প্রশাসন। চলতি বছরের নির্বাচনে তিনি ফের জয়ী হলে বহুপক্ষীয় বিশ্ব বাণিজ্য চাপে পড়তে পারে বলে ইঙ্গিত দেন ওকোঞ্জো ইউয়েলা।

বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থার ওপর আঘাতের আশঙ্কা প্রকাশ করে সতর্কবার্তা দিয়েছেন ওকোঞ্জো ইউয়েলা। তিনি বলেন, ‘‌বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থা, যা আমার চোখে ৭৫ বছর ধরে চলমান এক বৈশ্বিক জনসম্পদ, এটিকে নিয়ে এখন নানা ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে ও অবমূল্যায়ন করা হচ্ছে।’ আবুধাবির ওই শীর্ষ সম্মেলনে কমোরোস ও তিমুর লেস্তে বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দিয়েছে। এতে সংস্থাটির মোট সদস্যসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৬-তে।

সদস্যসংখ্যা বাড়লেও সংস্থাটির উদ্বেগ কমেনি। কারণ কভিড মহামারী থেকে পুনরুদ্ধারে এখনো লড়াই চালিয়ে যাচ্ছে জোটভুক্ত অনেক দেশ। সম্মেলনে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের কথা উল্লেখ করেননি সংস্থাপ্রধান। তবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লোহিত সাগরে আক্রমণের ফলে সৃষ্ট প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেন তিনি। বলেন, ‘‌লোহিত সাগর ও পানামা খালের মতো অত্যাবশ্যক জলপথে শিপিং ব্যাঘাত দেরি ও মূল্যস্ফীতির চাপের ওপর একটি নতুন চাপ।’ এ সময় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক খাদ্য ও জ্বালানি নিরাপত্তা বাধাগ্রস্ত হয়েছে বলেও জানান বাণিজ্য সংস্থার প্রধান।