উত্তর ভিয়েতনামের কুয়াং নিন প্রদেশে নতুন দুটি প্রকল্প বাস্তবায়ন করবে ইলেকট্রনিকস পণ্য নির্মাতা কোম্পানি ফক্সকন। এ খাতে ২৪ কোটি ৬০ লাখ ডলার বিনিয়োগে তাইওয়ান সরকারের অনুমতি পেয়েছে কোম্পানিটি। স্থানয়ী প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে। খবর রয়টার্স।
এক বিবৃতিতে প্রাদেশিক সরকার জানায়, ফক্সকন সিঙ্গাপুর এ দুই প্রকল্প পরিচালনা করবে। ভিয়েতনামে কোম্পানিটি ৩০০ কোটি ডলারের মতো বিনিয়োগ করবে এবং টেলিকম ও বিদ্যুচ্চালিত গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ উৎপাদন ও অ্যাসেম্বল করার অন্যতম কেন্দ্রে পরিণত হবে। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলেও ফক্সকনের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
মোট বিনিয়োগের মধ্যে ২০ কোটি ডলার ইভির চার্জার ও অন্যান্য উপাদান তৈরিতে কারখানায় ব্যয় করা হবে। ২০২৫ সালের জানুয়ারি থেকে উৎপাদন শুরুর কথা রয়েছে এবং এ খাতে এক হাজার ২০০ কর্মী কাজ করবে। বাকি ৪ কোটি ৬০ লাখ ডলার ইলেকট্রনিকস ও টেলিকমিউনিকেশন উপাদান তৈরিতে ব্যবহৃত হবে। ২০২৪ সালের অক্টোবর থেকে এ উৎপাদন শুরুর কথা রয়েছে।
ভিয়েতনামে প্রায় দুই দশক ধরে কার্যক্রম পরিচালনা করছে ফক্সকন। সেখানে আরেকটি প্রদেশে ১০ কোটি ডলার ব্যয়ে আরেকটি কারখানা স্থাপনের কথা ভাবছে প্রতিষ্ঠানটি।










