ইন্দোনেশিয়ার ‘অটো লোন’ বা গাড়ির ঋণ প্রদানকারী সংস্থা ম্যান্ডালা ফাইন্যান্স অধিগ্রহণের কথা জানিয়েছে মিৎসুবিশি ইউএফজে ফাইন্যান্সিয়াল গ্রুপ (এমইউএফজি)। সংশ্লিষ্ট তথ্যানুযায়ী, এশীয় অঞ্চলে ব্যবসা সম্প্রসারণ ও উদীয়মান বাজারে হিস্যা বাড়াতে ৭ ট্রিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়া বা ৪৬ কোটি ৭০ লাখ ডলারের বিনিময়ে এ অধিগ্রহণ চুক্তি সম্পন্ন হতে যাচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, জাপানি ও অন্যান্য এশীয় কোম্পানিগুলো প্রায় ৬৯ কোটি জনসংখ্যার এ অঞ্চলে একটি উদীয়মান মধ্যবিত্ত শ্রেণীকে লক্ষ্য করে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এ লক্ষ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ায় তাদের টেকসই অবস্থান গড়ে তুলতে ও সম্প্রসারণ করতে চাইছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, ম্যান্ডালা অধিগ্রহণের ফলে ইন্দোনেশিয়ায় অটো লোন ব্যবসা সম্প্রসারণ সহায়ক হবে এমইউএফজির জন্য। জাপানি ব্যাংক এমইউএফজির ইন্দোনেশিয়ান ব্যাংকিং ইউনিট ব্যাংক ড্যানামনের অটো লোন ইউনিট অ্যাডিরার ডিনামিকা মাল্টি ফাইন্যান্সের মাধ্যমে যেটি গড়ে উঠেছে। এ অধিগ্রহণ চুক্তিটি ২০২৪ সালের শুরুর দিকে সম্পন্ন হবে। চুক্তি অনুযায়ী এমইউএফজির প্রধান জাপানি ব্যাংকিং ইউনিট এমইউএফজি ব্যাংক পাবে ৭০ দশমিক ৬ শতাংশ ও অ্যাডিরার থাকবে ১০ শতাংশ।
ম্যান্ডালা দেশীয় বাজারে নতুন মোটরসাইকেলের জন্য অটো ঋণ ও মোটরসাইকেলের মাধ্যমে সুরক্ষিত মাল্টি-পারপাস ঋণ দিয়ে থাকে। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে সংস্থাটির জোরালো উপস্থিতি রয়েছে।










