দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মোট লেনদেনের এক-তৃতীয়াংশের বেশি হয়েছে ওষুধ ও রসায়ন, খাদ্য ও প্রকৌশল খাতে। এদিন ডিএসইর মোট লেনদেনের ১৮ দশমিক ১ শতাংশ দখলে নিয়ে শীর্ষে ছিল ওষুধ ও রসায়ন খাত। দ্বিতীয় সর্বোচ্চ ৯ দশমিক ৪ শতাংশ দখলে ছিল খাদ্য খাতের। ৮ দশমিক ৭ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে ছিল প্রকৌশল খাত। ডিএসইর খাতভিত্তিক লেনদেন চিত্রে এ তথ্য উঠে এসেছে।
ডিএসইতে গতকাল সূচক বাড়লেও লেনদেন কমেছে ৫ শতাংশ। অন্যদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন দুটোই ঊর্ধ্বমুখী ছিল।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর থেকে সূচক ঊর্ধ্বমুখী ছিল। দুপুর পৌনে ১২টার দিকে সূচকের ছন্দপতন ঘটে। এরপর বেলা দেড়টার দিকে সূচক সামান্য ঊর্ধ্বমুখী ছিল এবং শেষ পর্যায়ে পয়েন্ট কমেছে।
গতকাল দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৬ হাজার ৩৩১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ ৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ১৩০ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৩৯০ পয়েন্ট।
গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল ইনটেক লিমিটেড, বীকন ফার্মাসিউটিক্যালস, শ্যামপুর সুগার মিলস, লিবরা ইনফিউশনস, বিডি থাই ও জিকিউ বলপেনের শেয়ারের।
ডিএসইতে গতকাল ৭৬০ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৮০০ কোটি টাকা। এদিন এক্সচেঞ্জটির লেনদেন কমেছে ৫ দশমিক ১ শতাংশ। এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ৭১টির, কমেছে ৯৫টির আর অপরিবর্তিত ছিল ১৮৭টি সিকিউরিটিজের বাজারদর।
খাতভিত্তিক লেনদেনচিত্র অনুসারে, ওষুধ, খাদ্য ও প্রকৌশল খাতের পর মোট লেনদেনের ৮ দশমিক ৭ শতাংশের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল সাধারণ বীমা খাত। আর ভ্রমণ খাতের দখলে ছিল লেনদেনের ৭ শতাংশ। গতকাল ডিএসইতে ইতিবাচক রিটার্নের দিক দিয়ে শীর্ষে ছিল পাট, ভ্রমণ ও প্রযুক্তি খাত। অন্যদিকে নেতিবাচক রিটার্নের দিক দিয়ে শীর্ষে ছিল সাধারণ বীমা, জীবন বীমা ও কাগজ খাত।
সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ২৭ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১১ হাজার ২০৭ পয়েন্ট। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ৪৪ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৭৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১৮ হাজার ৭৩৮ পয়েন্ট। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২০১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ৬০টির আর অপরিবর্তিত ছিল ৭৬টির বাজারদর। গতকাল সিএসইতে ১৩ কোটি ৫৪ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৯ কোটি ৩৯ লাখ টাকা।










