দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার সহজ মাসিক কিস্তিতে টিকিট কেনার নতুন অফার ঘোষণা করেছে। এ সুবিধায় যাত্রীরা সর্বনিম্ন ১ হাজার ৫৬৭ টাকা মাসিক কিস্তিতে যাওয়া-আসার টিকিট কিনতে পারবেন। কিস্তিতে কোনো অতিরিক্ত চার্জ বা সুদ প্রযোজ্য হবে না।
কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু যাওয়া-আসার টিকিট নয়, সর্বনিম্ন ৫ হাজার টাকার একমুখী টিকিটও কিস্তিতে কেনা যাবে। অফারটি পেতে যাত্রীদের নভোএয়ারের নিজস্ব বিক্রয় অফিস থেকে টিকিট কিনতে হবে। টিকিটের মূল্য ৬ মাসের সহজ কিস্তিতে পরিশোধ করা যাবে। এ সুবিধা দিতে দেশের শীর্ষ ব্যাংকগুলোর সঙ্গে সংস্থাটি চুক্তিবদ্ধ রয়েছে।
নভোএয়ারের পরিচালক সোহেল মজিদ বলেন, এই কিস্তি সুবিধা দেশের অভ্যন্তরীণ রুটে ভ্রমণকে আরো সহজ ও সাশ্রয়ী করবে। এতে যাত্রীরা বাড়তি অর্থনৈতিক চাপ ছাড়াই ভ্রমণ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন। যাত্রীদের সহজ ও স্বাচ্ছন্দ্যময় সেবা নিশ্চিত করতে সংস্থাটি নিয়মিত নতুন সুবিধা চালু করছে বলেও তিনি জানান।
এছাড়া সর্বনিম্ন ১ হাজার ৮১৮ টাকা মাসিক কিস্তিতে দুই রাতের কক্সবাজার ভ্রমণ প্যাকেজের অফার রয়েছে। এ প্যাকেজের আওতায় কক্সবাজার যাওয়া-আসার বিমান টিকিট, সব ধরনের কর, হোটেলে থাকা, কক্সবাজার বিমানবন্দর থেকে হোটেলে যাওয়া-আসা এবং সেহরি বা ইফতার সুবিধা থাকবে। অফারটি নিতে ভ্রমণকারীদের অন্তত দুইজনের জন্য প্যাকেজ কিনতে হবে।
বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা করছে। বিস্তারিত তথ্যের জন্য ১৩৬০৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
—বিজ্ঞপ্তি










