দেশী পেঁয়াজের সরবরাহ কম ও দাম ঊর্ধ্বমুখী হওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানির পরিমাণ বাড়িয়েছেন আমদানিকারকরা। আমদানি বাড়ায় একদিনের ব্যবধানে সব ধরনের পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৪-৫ টাকা। পেঁয়াজ আমদানির এমন ধারা অব্যাহত থাকলে আসন্ন রমজান মাসে দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বন্দরের আমদানিকারকরা।
পেঁয়াজের সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাতে গত বছরের ১৪ সেপ্টেম্বর পেঁয়াজ রফতানি বন্ধ করে ভারত। সম্প্রতি পেঁয়াজ উৎপাদন বাড়ায় ভারত নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে সাড়ে তিন মাস বন্ধের পর গত ২ জানুয়ারি পেঁয়াজ আমদানি শুরু হয়। পেঁয়াজ আমদানিতে শুল্ক আরোপ ও দেশী পেয়াজের দাম কমের কারণে পড়তা না থাকায় ২৭ জানুয়ারি থেকে আবারো পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। সম্প্রতি আবারো দেশী পেঁয়াজের সরবরাহ কম ও দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ৪ মার্চ আমদানি শুরু হয়।
বর্তমানে বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ পাইকারিতে (ট্রাকসেল) ৩০-৩১ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা কমে ২৫-২৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এছাড়া নাসিক জাতের পেঁয়াজ ৩৬-৩৭ থেকে কমে ৩২-৩৩ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া সাউথের নতুন জাতের পেঁয়াজ ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরের আমদানিকারক শাহিনুর রেজা বলেন, দেশী কৃষকের উৎপাদিত পেঁয়াজের মূল্য নিশ্চিতে পেঁয়াজের ওপর আমদানি শুল্ক আরোপ ও আমদানির আইপি প্রদান স্থগিত রাখা এবং পেঁয়াজ আমদানি করে লোকসানের কারণে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছিলেন আমদানিকারকরা। সম্প্রতি মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশের বাজারে দেশী পেঁয়াজের সরবরাহ কম হওয়ার কারণে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ায় আগের আইপির বিপরীতে আমদানিকারকরা ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু করেছেন। দেশের বাজারে চাহিধার কথা বিবেচনা করে আমদানির পরিমাণ বাড়িয়েছেন আমদানিকারকরা। এতে পেঁয়াজের দামও কেজিপ্রতি ৪-৫ টাকা কমে গেছে। তবে পেঁয়াজ আমদানির জন্য আইপি প্রদানের বিষয়টি শিথিল ও সহজ করা হলে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি আরো বাড়বে। এতে আসন্ন রমজানে দেশে পেঁয়াজের মূল্য স্থিতিশীল থাকবে বলেও জানান তিনি।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি আগের তুলনায় বেড়েছে। আগে যেখানে দু-তিন ট্রাক পেঁয়াজ আমদানি হতো সেখানে গত বৃহস্পতিবার বন্দর দিয়ে সাদ ট্রাকে ১৭৯ টন পেঁয়াজ আমদানি হয়েছে। শনিবার ২৫ ট্রাকে ৬৮৬ টন পেঁয়াজ আমদানি হয়েছে। গতকাল বেলা ৩টা পর্যন্ত বন্দর দিয়ে ১২ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে।










