সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ (আরটিএ) নতুন ট্রাফিক সমাধান নিয়ে আসায় এখন দুবাই মেরিনায় যাতায়াতে আগের চেয়ে ৬৭ শতাংশ কম সময় লাগবে। সম্পূর্ণ উন্নয়নকাজ শেষ হলে সড়কে গাড়ি চলাচলের পরিমাণ বাড়বে এবং যাতায়াতে সময় কম লাগবে। মেরিনা এলাকা থেকে আল সেবা স্ট্রিট হয়ে শেখ জায়েদ রোডে বের হতে ৩০ মিনিটের পরিবর্তে এখন সময় লাগবে মাত্র ১০ মিনিট। খবর অ্যারাবিয়ান বিজনেস।
সহজে গন্তব্যে পৌঁছতে জনসাধারণ ও স্থানীয়দের শেখ জায়েদ রোডের দিকের নতুন বের হওয়ার পথ ব্যবহার করার আহ্বান জানিয়েছে আরটিএ। আরটিএ আল সেবা স্ট্রিটের শেখ জায়েদ রোড গার্ন আল সাবখা স্ট্রিট চৌরাস্তায় দ্রুত ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা এনেছে। পদক্ষেপটি আরটিএর অবকাঠামো ও ট্রাফিক প্রবাহ উন্নত করার পাশাপাশি দুবাইয়ের রাস্তা ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়ানোর প্রচেষ্টার অংশ।
আল সেবা স্ট্রিটে ট্রাফিক উন্নতির মধ্যে রয়েছে দুবাই মেরিনার গার্ন আল সাবখা স্ট্রিট মোড়ের দিকে আল সেবা স্ট্রিটে একটি অতিরিক্ত বের হওয়ার রাস্তা (এক্সিট পয়েন্ট) নির্মাণ। যেখান দিয়ে ঘণ্টায় ১ হাজার ৫০০ যানবাহন চলাচল করতে পারবে। অতিরিক্ত প্রস্থান পয়েন্টটি আল সেবা স্ট্রিট থেকে গাড়িগুলোকে শেখ জায়েদ রোড ও গার্ন আল সাবখা স্ট্রিট চৌরাস্তার দিকে পাঠিয়ে দেয়। ফলে এ এলাকায় সব দিক থেকে চলাচল সুবিধাজনক। আগে আল সেবা স্ট্রিট দিয়ে মেরিনা এলাকা প্রস্থান লেনে ঘণ্টায় মোট ৯০০ যানবাহন চলাচল করতে পারত। যার পরিমাণ এখন ২৬৬ শতাংশেরও বেশি বেড়ে দাঁড়াবে ২ হাজার ৪০০।










