হাঙ্গেরিতে একটি অ্যাসেম্বলি প্লান্ট তৈরির সিদ্ধান্ত নিয়েছে চীনের বৈদ্যুতিক গাড়ি তৈরির প্রতিষ্ঠান বিওয়াইডি। এটি ইউরোপে ব্যাটারিচালিত গাড়িগুলোর জন্য প্রথম উৎপাদনকারী প্রতিষ্ঠান। এদের লক্ষ্য এশিয়ার বাইরে ব্যবসা প্রসার করা। খবর দ্য নিউইয়র্ক টাইমস।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান অক্টোবরে বিওয়াইডির শেনজেন কারখানা পরিদর্শন করেন। বিওয়াইডি বিশ্বের অন্যতম বৃহত্তম বৈদ্যুতিক যানবাহন প্রস্তুতকারক। তাদের উৎপাদিত বেশির ভাগ গাড়িই চীনে বিক্রি করা হয় এবং বিশ্বব্যাপী গাড়ি বিক্রির পরিমাণ বাড়ানোর লক্ষ্যে ইউরোপে ডিলারশিপ খুলতে শুরু করেছে।

গত বছর এটি প্লাগ-ইন হাইব্রিডসহ ১৮ লাখ ৬০ হাজার ব্যাটারিচালিত গাড়ি বিক্রি করেছে। এর মধ্যে বৈদ্যুতিক মোটর ও গ্যাসচালিত ইঞ্জিন উভয়ই রয়েছে।

তবে এ ব্যবসায় টেসলা শীর্ষে রয়েছে। ২০২২ সালে টেসলার গাড়ি বিক্রির পরিমাণ ছিল ১৩ লাখ।

বিওয়াইডি একটি বিবৃতিতে জানায়, নতুন উৎপাদন কেন্দ্রটি দক্ষিণ হাঙ্গেরির সেগেডে হবে। প্লান্টটির মাধ্যমে নতুন কর্মসংস্থান তৈরি হবে। 

এছাড়া চীন ও হাঙ্গেরির মধ্যে প্রযুক্তি ও উদ্ভাবন বিনিময় হবে। কিন্তু প্লান্টের আকার, বিওয়াইডি কত টাকা খরচ করবে, নির্মাণ কবে শুরু হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মার্কিন ও ইউরোপীয় অটোমেকার প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব প্লান্টগুলোয় বৈদ্যুতিক গাড়ি উৎপাদন বাড়াতে কোটি কোটি ডলার বিনিয়োগ করছে। তবে তারা বিওয়াইডি, নিও ও অন্য চীনা গাড়ি প্রতিষ্ঠানগুলোর জন্য সৃষ্ট হুমকি সম্পর্কে ভালোভাবে সচেতন। চীন বিশ্বের বৃহত্তম অটোমোবাইল বাজার এবং দেশীয় কোম্পানিগুলো প্রযুক্তিতে বিশাল বিনিয়োগ করার জন্য সরকারি সমর্থনকে কাজে লাগাচ্ছে।

এর আগে সেপ্টেম্বরে মিউনিখ অটো শোতে চীনের তৈরি সাতটি গাড়ি উপস্থাপন করা হয়। যেগুলোর মধ্যে বিওয়াইডি একটি নতুন সেডান ও একটি স্পোর্ট ইউটিলিটি গাড়ি উন্মোচন করে।

চীনা গাড়ি নির্মাতারা সরকারি ভর্তুকি পেয়েছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছেন ইউরোপীয় আইন প্রণেতারা। এ পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়নের আরোপিত শুল্কের দিকে নিয়ে যেতে পারে।

ইউরোপিয়ান কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লেইন বলেন, ‘ইউরোপ প্রতিযোগিতার জন্য প্রস্তুত। এ প্রতিযোগিতায় সবার নিচে থাকতে চাই না আমরা।’

ইউরোপীয় গাড়ি নির্মাতারা চীনের চ্যালেঞ্জে সাড়া দিচ্ছেন। ভক্সওয়াগন চীনে বিনিয়োগ বাড়িয়েছে। একসময় তারা চীনে গাড়ি বিক্রির দিক থেকে শীর্ষে ছিল। জার্মান সংবাদপত্র হ্যান্ডেল্সব্ল্যাটের প্রতিবেদন অনুযায়ী, কম খরচে বৈদ্যুতিক গাড়ি তৈরির বিষয়ে রেনল্টের সঙ্গে প্রাথমিক আলোচনা করছে ভক্সওয়াগন।