পিৎজাপ্রেমীরা শিগগিরই উবার ইটস ও পোস্টমেটস অ্যাপ ব্যবহার করে ডোমিনোজের পিৎজা অর্ডার করতে পারবেন। পিৎজা উৎপাদনকারী প্রতিষ্ঠানটি বিশ্বের সর্ববৃহৎ খাদ্য পরিবহন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে পৌঁছে। এদিকে চুক্তির খবরের পর ডোমিনোজের শেয়ারদর ১০ শতাংশ বেড়েছে। খবর রয়টার্স। ডোমিনোজ জানিয়েছে, ‘বৈশ্বিক চুক্তি’ অনুসারে যুক্তরাষ্ট্রে ২০২৪ সাল পর্যন্ত তাদের একমাত্র তৃতীয় প্লাটফর্ম হতে চলেছে উবার ইটস। এপ্রিলে প্রতিষ্ঠানটি গত বছরের তুলনায় প্রথম প্রান্তিকে তাদের ডেলিভারির পরিমাণ ২ দশমিক ১ শতাংশ কম থাকার কথা জানায়। পরিস্থিতির বদল ঘটাতে নেয়া নয়া পদক্ষেপ সম্পর্কে ডোমিনোজ বলছে, যুক্তরাষ্ট্রের চারটি বাজারে রাইড-শেয়ার কোম্পানিটির সঙ্গে যৌথভাবে কাজ করতে শুরু করবে তারা।

আশা করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রজুড়ে উবার অ্যাপের মাধ্যমে ডোমিনোজ ও তার ফ্র্যাঞ্চাইজিগুলোর ডেলিভারি সেবা চালু হবে। ডোমিনোজ তৃতীয় পক্ষের ডেলিভারি সংস্থাগুলোর সঙ্গে কাজ করার পরিবর্তে এতদিন তাদের নিজস্ব অ্যাপ, ওয়েবসাইট ও কর্মীদেরই ব্যবহার করে আসছিল। সে নীতি থেকে সরে এসে উবার ইটস ও পোস্টমেটগুলোর সঙ্গে যুক্ত হওয়ায় এখন থেকে ডোমিনোজের পক্ষে নতুন গ্রাহকের কাছে পৌঁছানো আরো সহজ হবে।

নর্থকাস্ট রিসার্চ বিশ্লেষক জিম স্যান্ডারসন বলেছেন, ‘‌যুক্তরাষ্ট্রের বাজারে উবারের সঙ্গে ডোমিনোজের যুক্ত হওয়ার ফলে নতুন ক্রেতাদের কাছে পৌঁছনোর মাধ্যমে পিৎজা ব্র্যান্ডের সম্প্রসারণ ঘটবে।’