আবারো বেড়েছে চীনের কয়লা উত্তোলন। আগস্টে জ্বালানি পণ্যটির উত্তোলন গত বছরের একই সময়ের তুলনায় দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পায়। এর আগের মাসে উত্তোলন ২৬ মাসের সর্বনিম্নে নেমে গিয়েছিল। মূলত সরবরাহ স্বাভাবিক রাখার মাধ্যমে ঊর্ধ্বমুখী বাজারের লাগাম টেনে ধরতেই উত্তোলন বাড়ানো হয়েছে। চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কয়লার পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে বেইজিং বেশ কয়েকটি খনিতে উত্তোলন পুনরায় চালু করেছে। এছাড়া নতুন কয়েকটি খনিকে অনুমোদনও দেয়া হয়েছে।
চীন বিশ্বের শীর্ষ কয়লা উত্তোলক ও ব্যবহারকারী দেশ। গত মাসে দেশটি ৩৩ কোটি ৫২ লাখ ৪০ হাজার টন কয়লা উত্তোলন করে, যা গত বছরের একই সময়ের তুলনায় দশমিক ৮ শতাংশ বেশি। এছাড়া জুলাইয়ের তুলনায়ও উত্তোলন বেড়েছে। ওই মাসে চীন ৩১ কোটি ৪১ লাখ ৭০ হাজার টন কয়লা উত্তোলন করে। ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
চলতি বছরের প্রথম আট মাসে চীন সব মিলিয়ে ২৬০ কোটি টন কয়লা উত্তোলন করে। গত বছরের একই সময়ের তুলনায় উত্তোলন বেড়েছে ৪ দশমিক ৪ শতাংশ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, এক বছরের মধ্যে চীনের বিভিন্ন খনিতে বেশ কয়েকটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। এ কারণে দেশটির খনিজ উত্তোলন সুরক্ষা পর্যবেক্ষণকারী দল খনিগুলোতে কড়াকড়ি আরোপ করছে। কয়লা খনিতে অবৈধ উত্তোলন বন্ধেও কাজ করছে দলটি।










