টানা তৃতীয় দিনের মতো গতকাল ফিউচার মার্কেটে কমেছে আকরিক লোহার দাম। ইস্পাত ব্যবসায় মন্দা চলায় চাহিদা কমেছে আকরিক লোহার। এর প্রভাবে নিম্নমুখী ধাতুটির বাজার। খবর বিজনেস রেকর্ডার।
চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) সর্বাধিক বিক্রীত মে মাসে সরবরাহ চুক্তিতে গতকাল আকরিক লোহার দাম ১ শতাংশ কমেছে। টনপ্রতি মূল্য দাঁড়িয়েছে ৯৯৩ দশমিক ৫ ইউয়ান বা ১৩৮ ডলার ৯৩ সেন্টে। একই সময় সিঙ্গাপুর এক্সচেঞ্জে ফেব্রুয়ারিতে সরবরাহ চুক্তিতে ধাতুটির দাম দশমিক ৭১ শতাংশ কমেছে। প্রতি টনের দাম নেমেছে ১৩৭ ডলার ৬ সেন্টে।
সুচৌ ফিউচারের বিশ্লেষকরা বলছেন, ‘হট মেটালের উৎপাদন তুলনামূলক নিম্নস্তরে থাকবে এমনটাই প্রত্যাশিত ছিল। অনেক মিল এখনো লোকসানে ভুগছে। এ কারণে আকরিক লোহার চাহিদা কমে যাবে। তবে সপ্তাহব্যাপী চন্দ্র নববর্ষ উৎসবের ছুটির সময় উৎপাদনের চাহিদা মেটাতে কারখানাগুলো কাঁচামালের জন্য স্পট মার্কেটে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
আইএনজি ব্যাংকের বিশ্লেষকরা বলছেন, ‘আকরিক লোহার দাম অস্থিতিশীল থাকবে। কারণ ধাতুটির বাজার বেইজিংয়ের নীতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। সামনে আকরিক লোহার দাম পুনরুদ্ধার নির্ভর করছে চীনের অর্থনৈতিক পরিস্থিতির ওপর। যদি ২০২৪ সালে চীনের অর্থনীতিতে প্রত্যাশিত পরিবর্তন না আসে তাহলে আকরিক লোহার দাম নিম্নমুখিতার ঝুঁকিতে থাকবে।
আকরিক লোহার পাশাপাশি ইস্পাত শিল্পের সহায়ক পণ্যের বাজারেও দরপতন ঘটেছে। ধাতব কয়লার (পিত কয়লা) ও তাপীয় (কোক) কয়লার দাম কমেছে যথাক্রমে ২ দশমিক ১৬ ও ২ দশমিক ৩ শতাংশ।










