নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বিশেষ অর্থনৈতিক এলাকায় আঞ্চলিক ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার (ওএসএসসি) চালু করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। মঙ্গলবার (২৮ নভেম্বর) এ সেন্টার উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাইকার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেজার সক্ষমতাকে শক্তিশালী করার লক্ষ্যে গৃহীত ‘প্রজেক্ট ফর ক্যাপাসিটি বিল্ডিং অব বিইজেডএ অন ইজেড ম্যানেজমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রোমোশন (বিইজেডআইপি)’ কর্মসূচির আওতায় এটি চালু করা হয়। জাইকা এই কর্মসূচিতে কারিগরি সহায়তা প্রদান করছে। এই কর্মসূচি দেশের অর্থনৈতিক অঞ্চলে ব্যবসায় সেবাগুলোকে আরো সহজ করবে।

এই আঞ্চলিক ওএসএসসি আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য লাইসেন্সিং, পারমিট এবং কাস্টমস ক্লিয়ারেন্সসহ বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়াগুলো নিরবচ্ছিন্ন এবং দ্রুত সম্পন্ন করতে বিশেষ কেন্দ্র হিসেবে কাজ করবে।

জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে বলেন, অর্থনৈতিক জোনে আঞ্চলিক ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার জাপান ও বাংলাদেশের মধ্যে নিয়মিত সহযোগিতার একটি প্রমাণ। আড়াইহাজার ইজেডের মধ্যে ব্যবসা পরিচালনার সুবিধার্থে এবং অন্যান্য ইজেডগুলির জন্য একটি রোল মডেল হিসেবে কাজ করে দেশের সামগ্রিক বিনিয়োগ পরিবেশকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এ কেন্দ্রটি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, জাপান-বাংলাদেশ এসইজেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারো কাওয়াচিসহ অনেকে।