খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির উদ্যোক্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো. একরামুল হক ৩০ লাখ শেয়ার বিক্রি করেছেন। ১৫ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক ও ব্লক মার্কেটে বিদ্যমান বাজারদরে এ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিলেন তিনি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ৭৩ পয়সা। ৩১ ডিসেম্বর শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৫১ পয়সায়। 

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ইপিএস হয়েছে ১ টাকা ২৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৪৩ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানির এনএভিপিএস দাঁড়ায় ১২ টাকা ৯৪ পয়সায়। 

২০২১ সালে পুঁজিবাজারে তাওফিকা ফুডসের লেনদেন শুরু হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৮৫ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ২৪ কোটি ৯৭ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা সাড়ে আট কোটি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৪৪ দশমিক ৬৫ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে ২১ দশমিক ৩৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও ৩৩ দশমিক ৯৯ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।