রাশিয়ায় খাদ্য ও পানীয় বিক্রি করছে অনেক কোম্পানিই। কিন্তু প্রতিযোগী সংস্থাগুলোর তুলনায় ভিন্ন দৃষ্টিতে দেখা হচ্ছে মিল্কা চকোলেট বার প্রস্তুতকারী প্রতিষ্ঠান মন্ডেলেজ ইন্টারন্যাশনালকে। তৈরি করা হয়েছে বাড়তি চাপ। সম্প্রতি দেয়া বিবৃতিতে এমনটাই মনে করেন প্রতিষ্ঠানটির ইউরোপীয় বিভাগের প্রধান। খবর রয়টার্স। 

কোম্পানিটির নির্বাহী সহসভাপতি ও সভাপতি ভিনজেনজ গ্রুবার দাবি করেছেন, মন্ডেলেজের রাশিয়ায় কাজ করার বৈধ অনুমতি রয়েছে। তার পরও স্ক্যান্ডিনেভিয়ান কোম্পানিগুলো মন্ডেলেজের বিরুদ্ধে বয়কট শুরু করেছে। তিনি নরডিকদের চাপকে প্রতিবন্ধকতা হিসেবে অভিহিত করেছেন। কোম্পানির ব্র্যান্ডগুলোর ক্ষেত্রে যা ঘটছে তাতে তিনি গভীরভাবে আশাহত হওয়ার কথা জানিয়েছেন। রাশিয়ার বেশির ভাগ রান্নাঘরের তাকে তাকালে দেখা যাবে অনেক খাদ্য ও পানীয় কোম্পানির পণ্যই দেশটিতে বাণিজ্য করছে। রাশিয়ার সঙ্গে কার্যক্রম থাকা কোম্পানির সব ব্র্যান্ডের ওপর বয়কট আরোপ করলে খাদ্য সরবরাহে সংকট তৈরি হবে বলে জানান গ্রুবার। তবে তিনি কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করেননি। গত সপ্তাহে সুইডেন ও নরওয়েতে এয়ারলাইন এসএএসসহ আরো সংস্থাগুলোর বয়কট শুরু হয়েছে। গত মাসে মন্ডেলেজকে রাশিয়ায় পণ্য বিক্রি চালিয়ে যাওয়ায় যুদ্ধের পৃষ্ঠপোষক" হিসেবে ঘোষণা করে ইউক্রেন। সে ঘটনার পর থেকেই নেতিবাচক প্রতিক্রিয়ার শুরু। তবে মন্ডেলেজ বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

কোম্পানিগুলোর জন্য অন্য কোম্পানিকে নিষেধাজ্ঞা আরোপ করা একেবারে অস্বাভাবিক কোনো ঘটনা নয়। ২০২০ সালে মার্কিন মানবাধিকার সংস্থাগুলো বহুজাতিক সংস্থাগুলোকে ঘৃণাত্মক বক্তব্যের বিরুদ্ধে লড়াই করার জন্য শক্ত পদক্ষেপ নিতে চাপ দেয়। ফলে শত শত ব্যবসায়িক কোম্পানি ফেসবুকে বিজ্ঞাপন দেয়া থেকে বিরত থাকে। চলতি সপ্তাহে নরডিক অঞ্চলে মন্ডেলেজের ফ্রেয়া ও মারাবু চকোলেট ব্র্যান্ডগুলো বয়কট করা হয়। এমন ঘোষণার পর পরই বৃহস্পতিবার কোম্পানিটি বলেছে, বছরের শেষ নাগাদ রাশিয়ায় স্বয়ংসম্পূর্ণ সাপ্লাই চেইনসহ একটি স্বতন্ত্র ব্যবসা প্রতিষ্ঠা করা হবে। সংস্থাটি রাশিয়ায় তার কর্মপরিকল্পনার কোনো বিস্তারিত বিবরণ প্রদান করেনি। খাদ্য কোনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় পড়ে না। 

পুতিনের যুদ্ধ দ্বিতীয় বছরে প্রবেশ করেছে। ইউক্রেন আক্রমণের পরে বহু মানবাধিকার গোষ্ঠী, গ্রাহক, কর্মচারী ও বিনিয়োগকারী রাশিয়ায় কাজ চালিয়ে যাওয়া কোম্পানিগুলোর সমালোচনা করেছে। চকোলেট বাণিজ্যে নেসলেসহ মন্ডেলেজের একাধিক প্রতিদ্বন্দ্বী রাশিয়ায় কাজ করছে। নেসলে তাদের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, মিষ্টান্নসহ রাশিয়ায় তাদের ছয়টি কারখানা রয়েছে। ইউক্রেন আক্রমণের পরে মন্ডেলেজ ৯ মার্চ প্রতিশ্রুতি দিয়েছিল, এটি রাশিয়ায় গৌণ কার্যক্রমগুলো কমিয়ে প্রাথমিক চাহিদাগুলোয় জোর দেবে। নতুন মূলধন বিনিয়োগ, নতুন পণ্য আনা, রাশিয়ায় বিজ্ঞাপন ব্যয় ইত্যাদি কার্যক্রম বন্ধ করার মাধ্যমে রাশিয়ায় মন্ডেলেজ তাদের কার্যক্রম কমিয়েছে। শুল্ক তথ্য যাচাই করে দেখা যায়, এটি রাশিয়ায় ব্যবসা চালিয়ে গেছে এবং দেশে তার কিছু পণ্যের চালান বাড়িয়েছে। রাশিয়ায় ২০২১ সালের এপ্রিল থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত ৯৭ লাখ কেজি মিল্কা চকলেট রফতানি করেছে। যুদ্ধ শুরুর পর এপ্রিল ২০২২ থেকে মার্চ ২০২৩ সালের মধ্যে রফতানি করেছে ২ কোটি ২৪ লাখ কেজি। একই সময়ে রাশিয়ায় মন্ডেলেজের পণ্য রফতানি ২ কোটি ৮৭ লাখ কেজি থেকে বেড়ে সাড়ে চার কোটি কেজি হয়েছে। রয়টার্সের পক্ষ থেকে মন্ডেলেজের মুখপাত্র বরাবর একাধিকবার যোগাযোগ করা হলেও শুল্কবিষয়ক তথ্য নিয়ে কোনো মন্তব্য করেননি।