এনসিসি ব্যাংক পিএলসি তার সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় সিটি স্ক্যান মেশিন কেনার জন্য ঢাকা কমিউনিটি হাসপাতালকে (ডিসিএইচ) ১ কোটি টাকা অনুদান দিয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। এ সময় ডিসিএইচ ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী হাবিবুর রহমানের হাতে অনুদানের চেক তুলে দেন এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম।
ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, ৫০০ শয্যার অলাভজনক এ হাসপাতালে উচ্চ রেজল্যুশনের সিটি স্ক্যান সুবিধা না থাকায় রোগ নির্ণয়ে সীমাবদ্ধতা ছিল। নতুন মেশিন স্থাপনের মাধ্যমে ট্রমা, স্ট্রোক ও ক্যান্সার রোগীদের দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসা এবং সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আবদুস সালাম; নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার; পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দিন, মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ ও মোরশেদুল আলম চাকলাদার; ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন; অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম; উপব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. নজরুল ইসলাম চৌধুরী।
অন্যদিকে হাসপাতালের পক্ষে আরো ছিলেন ডিসিএইচ ট্রাস্টের নির্বাহী ও পরিচালক অধ্যাপক ডা. মো. ওমর শরীফ ইবনে হাসান; সদস্য সুকুমার চক্রবর্তী, মো. জাবেদ ইউসুফ ও মো. ওয়াকার হোসেন এবং সহকারী পরিচালক ডা. মো. ফুয়াদুল ইসলাম ও মো. আরিফুল ইসলাম।










