অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমান বলেন, ‘গত কয়েক বছরে বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জের মধ্যেও এসবিএসি ব্যাংক আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হয়েছে। ব্যাংকে কোনো তারল্য সংকট সৃষ্টি হয়নি এবং গ্রাহকরা নির্বিঘ্নে তাদের প্রয়োজনীয় অর্থ উত্তোলন করতে পেরেছেন।
ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এসএম মঈনুল কবীরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ নাজমুল হক, মোহাম্মদ মাহবুবুর রহমান, একেএম দেলাওয়ার হুসেন, ইমরুল আনোয়ার, মেজর (অব.) আবু ফাতেহ মো. বশিরুর রহমান, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক মো. মাকসুদুর রহমান সরকার ও জিয়াউর রহমান জিয়া। সম্মেলনে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভুঁইয়াসহ ব্যাংকের শীর্ষ নির্বাহী, বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক এবং উপশাখার ইনচার্জরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে জানানো হয়, ২০২৬ সালের জুন শেষে এসবিএসি ব্যাংকের আমানত হয়েছে ১২ হাজার কোটি টাকার বেশি; যা বিগত ছয় মাসে প্রায় ১৩০০ কোটি টাকা বা ১২ শতাংশ বেশি এবং ঋণ দাঁড়িয়েছে ৯ হাজার ৬২৭ কোটি টাকা। ছয় মাসে ব্যাংকের পরিচালন মুনাফা দাঁড়িয়েছে প্রায় ৭৫ কোটি টাকা। বর্তমানে ব্যাংকের পরিশোধিত মূলধন দাঁড়িয়েছে ৮২৪ কোটি টাকা এবং মূলধন পর্যাপ্ততার হার ১৩ দশমিক ৪০ শতাংশ।










