একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে রাশিয়া ও উজবেকিস্তানের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এ চুক্তির আওতায় উজবেক কৃষকরা রাশিয়ার মাটিতে খাদ্যশস্য উৎপাদন করতে পারবেন। কিরগিজস্তানভিত্তিক সংবাদ সংস্থা একেআই প্রেস এ তথ্য জানিয়েছে।
উজবেকিস্তানের কৃষিমন্ত্রী জামশেদ জোঝেভের বরাত দিয়ে সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, দুই দেশের কৃষি মন্ত্রণালয় পর্যায়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এ-সংক্রান্ত আরেকটি বৈঠক চলতি মাসেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। একেআই প্রেস জানায়, উজবেকিস্তান রাশিয়ার কাছ থেকে ১০ লাখ হেক্টর জমি নিতে চায়। এসব জমিতে অন্তত ২৫ লাখ টন খাদ্যশস্য উৎপাদন করা সম্ভব হবে।
উজবেকিস্তান মূলত স্থলসীমান্তবেষ্টিত দেশ। দেশটিতে আবাদি জমি ও পর্যাপ্ত পানির উৎসের ঘাটতি রয়েছে। বিষয়টি উজবেকিস্তানের কৃষি উৎপাদন সম্ভাবনাকে সীমাবদ্ধ করে রেখেছে।
উজবেকিস্তান মূলত গম উৎপাদনকারী দেশ। ২০২০-২১ বিপণন মৌসুমে দেশটি ১৪ লাখ হেক্টর জমিতে ৬৫ লাখ টন গম উৎপাদন করে। এ সময় আমদানি করা হয় ৩৭ লাখ টন।
২০১৭-১৮ বিপণন মৌসুমের পর থেকেই উজবেকিস্তানে গমের মজুদ অব্যাহতভাবে কমছে। প্রতি বছর ২০ লাখ টন করে মজুদ কমেছে। এর মধ্যে সবচেয়ে কম মজুদ দেখা যায় ২০১৯-২০ মৌসুমে। গম থেকে উৎপাদিত ময়দা আমদানিতে উজবেকিস্তান বিশ্বের অন্যতম শীর্ষ দেশ।










