২০২২-২৩ বিপণন মৌসুমে নতুন চিনি রফতানি নীতি গ্রহণের পরিকল্পনা করছে ভারত। উদ্দেশ্য দেশটির আখচাষী ও চিনি ব্যবহারকারীদের মুনাফা অর্জনে ভারসাম্য আনা। দেশটির সরকার ও শিল্পসংশ্লিষ্টরা এ তথ্য জানিয়েছে।
নতুন এ নীতির অধীনে দুই ধাপে চিনি রফতানি করা হবে। স্থানীয় বাজারে চিনি সরবরাহ স্বাভাবিক রাখতেই চলতি মৌসুমে চিনি রফতানিতে কোটা বেঁধে দেয় ভারত। ফলে বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ায় আশঙ্কা দেখা দেয়। পাশাপাশি উদ্বেগ তৈরি হয় এশিয়াজুড়ে সরবরাহ ব্যাহত হওয়ার।
ন্যাশনাল ফেডারেশন অব কো-অপারেটিভ সুগার ফ্যাক্টরিজ লিমিটেডের এমডি প্রকাশ নায়েক বলেন, আগামী মৌসুমে নির্ধারিত কোটার অধীনে দুই ধাপে চিনি রফতানি করা হবে। তিনি বলেন, অক্টোবরে চিনির ২০২২-২৩ বিপণন মৌসুম শুরু হবে। এ মৌসুমের জন্য নতুন রফতানি নীতি চলতি মাসেই ঘোষণা করা হবে। আগামী মৌসুমের নয়াদিল্লি ৭০-৮০ লাখ টন চিনি রফতানির অনুমতি দেবে। এর মধ্যে প্রথম ধাপে ৪০-৫০ লাখ টন এবং পরের ধাপে বাকি চিনি রফতানি করা হবে।
বর্তমান মৌসুমের চেয়ে আগামী মৌসুমে ভারতের চিনি উৎপাদন পাঁচ লাখ টনেরও বেশি বাড়বে।










