ইউরোপে করের অংক একেক দেশে একেক রকম। কর ব্যবস্থার এ ভিন্নতা লক্ষ করা গেছে আয়ের পরিমাণের ওপরও। সাম্প্রতিক এক প্রতিবেদন অনুসারে, যুক্তরাজ্যের মধ্যবিত্ত শ্রেণী বার্ষিক ৬০ হাজার পাউন্ড বা ৭০ হাজার ১৮০ ইউরো আয় করে। একে অন্য অর্থনীতির তুলনায় বেশ ভালো অর্থই মনে করা হয়। তা সত্ত্বেও অর্থনৈতিকভাবে হিমশিম খাচ্ছে দেশটির মধ্যবিত্তরা। সেখানে কর ও ক্রয়ক্ষমতা নিয়ে তাদের অভিযোগ রয়েছে। খবর ইউরো নিউজ।

অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টভুক্ত (ওইসিডি) বেশকিছু দেশে মধ্যবিত্তরা সঞ্চয়ক্ষমতা হারিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। আবার কিছু ক্ষেত্রে ঋণের মধ্যেও পড়েছেন তারা। এর পেছনে ইউরোপীয় মধ্যবিত্তের ওপর করের বোঝাকে দায়ী করছেন নাগরিকরা। অনেকের দাবি, অতিরিক্ত করের কারণে তারা জীবনযাত্রার ব্যয় বহনে সংকটের মধ্যে পড়েছেন।

এদিকে ইউরোপের দেশগুলোয় মধ্যবিত্ত শ্রেণীর আয় ও করের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে ভিন্নতা দেখা গেছে। সাধারণভাবে নিম্ন মধ্যম আয়ের ওপর কম কর আরোপ করা হয় এবং উচ্চ মধ্যম আয়ের ওপর সবচেয়ে বেশি করের বোঝা চাপানো হয়। পরিবারের আকার ও উপার্জনকারীদের সংখ্যাও করের হারের ওপর প্রভাব ফেলে।

অর্থনীতিবিষয়ক জার্নাল ইকনপল ফোরামের তথ্যের ওপর ভিত্তি করে ইউরো নিউজ মধ্যবিত্তের করের বোঝা পর্যবেক্ষণ করেছে। প্রতিষ্ঠানটির অনুসন্ধানের বিষয় ছিল, ইউরোপের কোথায় মধ্যবিত্তের ক্ষয়ক্ষমতা সবচেয়ে বেশি এবং মধ্যবিত্তরা কোথায় সর্বোচ্চ ও সর্বনিম্ন কর দেয়।

ওইসিডির সংজ্ঞা অনুসারে, যেসব খানার মোট আয় গড় জাতীয় আয়ের ৭৫-২০০ শতাংশের মধ্যে তাদের মধ্যবিত্ত বলা হয়। মধ্যবিত্তদের আবার তিন উপশ্রেণীতে ভাগ করা হয়েছে। নিম্ন মধ্যবিত্ত, মধ্য মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত শ্রেণী। এদের মধ্যে যেসব খানার আয় গড় জাতীয় আয়ের ৭৫-১০০ শতাংশের মধ্যে তাদের নিম্ন মধ্যবিত্ত বলা হয়। যেসব খানার আয় ১০০-১৫০ শতাংশের মধ্যে তাদের মধ্য মধ্যবিত্ত এবং যেসব খানার আয় ১৫০-২০০ শতাংশের মধ্যে তাদের উচ্চ মধ্যবিত্ত বলা হয়।

গৃহস্থালির নিষ্পত্তিযোগ্য আয় হলো কর ও অন্যান্য ফি দেয়ার পর ব্যয় ও সঞ্চয়ের জন্য যে পরিমাণ অর্থ থাকে। ইকনপলের তথ্যানুসারে, ইউরোপীয় দেশগুলোর মধ্যে ২০১৯ সালে লুক্সেমবার্গের মধ্যবিত্তের সর্বোচ্চ নিষ্পত্তিযোগ্য আয় ছিল সবচেয়ে বেশি। এর ৩০ হাজার ৬১৮ ইউরো থেকে ৮১ হাজার ৬৪৯ ইউরো।

অন্যদিকে ইউরোপীয় দেশগুলোর মধ্যে বুলগেরিয়ার গড় পরিবারের আয় সবচেয়ে কম। দেশটিতে মধ্যবিত্তের নিষ্পত্তিযোগ্য আয় ছিল ২ হাজার ৯০৮ ইউরো থেকে ৭ হাজার ৭৫৫ ইউরোর মধ্যে। এ পরিসংখ্যান ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ এবং যুক্তরাজ্যজুড়ে নিষ্পত্তিযোগ্য আয়ের মধ্যে বিশাল পার্থক্যকে নির্দেশ করে।

২০১৯ সালে লুক্সেমবার্গের মধ্যবিত্ত সর্বোচ্চ ক্রয়ক্ষমতার রেকর্ড করেছে, যা ইউরোপীয় ইউনিয়নের গড় থেকে দ্বিগুণ বেশি। অস্ট্রিয়া ও জার্মানির মধ্যবিত্তরাও ক্রয়ক্ষমতা উপভোগ করেছে, যা ইইউর গড় থেকে ৪০ শতাংশ বেশি। ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি ও যুক্তরাজ্যের ক্রয়ক্ষমতা ইইউয়ের গড়ের কাছাকাছি ছিল।

এদিকে পূর্ব ইউরোপীয় দেশগুলোর মধ্যবিত্তরা ক্ষয়ক্ষমতার দিক থেকে নিচের চতুর্থাংশ দখল করেছে। বুলগেরিয়া ও রোমানিয়া ইইউতে সর্বনিম্ন গড় আয় রেকর্ড করেছে, যা ইউরোপীয় ইউনিয়নের গড়ের মাত্র ৫০ শতাংশ ওপরে।

এদিকে কার্যকর করের বোঝা বলতে মধ্যবিত্ত পরিবারের আয়কর, সামাজিক নিরাপত্তা ও অন্যান্য ক্ষেত্রকে বোঝায়। এক্ষেত্রে ডেনমার্ক ও স্লোভেনিয়ার পরিবারগুলোয় সর্বোচ্চ কার্যকর করের বোঝা ছিল, নিম্ন মধ্যবিত্তের গড় যথাক্রমে ২৯ ও ২২ শতাংশ, মধ্যবিত্তদের গড় ৩৪ ও ৩০ শতাংশ ও উচ্চ মধ্যবিত্তদের ৩৭ ও ৩৫ শতাংশ।