ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান বিনিয়োগ ব্যাংকের নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। বেলজিয়ামের অর্থমন্ত্রী ভিনসেন্ট ভ্যান পিটেঘেম জানিয়েছেন, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) প্রেসিডেন্ট পদের জন্য পাঁচ দেশের প্রার্থী রয়েছেন। খবর ফ্রি মালয়েশিয়া টুডে। 

ইউরোপীয় সরকারগুলোর মালিকানাধীন উল্লেখযোগ্য আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ইআইবি তার বিশাল সম্পদের জন্য পরিচিত। প্রতিষ্ঠানটি জিরো কার্বন এবং আরো ডিজিটাইজড অর্থনীতিতে ইউরোপের রূপান্তরের ক্ষেত্রে অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো আগামী বছর সিদ্ধান্ত নেবে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ তিন প্রতিষ্ঠান—কমিশন, কাউন্সিল ও পার্লামেন্টের প্রধান কারা হবেন। 

ইআইবির বর্তমান প্রেসিডেন্ট জার্মানির ওয়ার্নার হোয়ার ২০১২ সাল থেকে প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন। তিনি চলতি বছরের শেষে পদত্যাগ করবেন। তার স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে থাকা পাঁচ প্রার্থীর মধ্যে এগিয়ে রয়েছেন ডেনমার্কের মার্গ্রেথ ভেস্টেগার ও স্পেনের সমাজতান্ত্রিক অর্থমন্ত্রী নাদিয়া ক্যালভিনো। এছাড়া আগ্রহী তালিকায় রয়েছেন ইতালির কেন্দ্রীয় ব্যাংকের ড্যানিয়েল ফ্রাঙ্কো, পোল্যান্ডের সাবেক ডানপন্থী অর্থমন্ত্রী এবং ইআইবির বর্তমান ভাইস প্রেসিডেন্ট তেরেসা জারউইনস্কা, সুইডেনের সাবেক সমাজতান্ত্রিক জ্বালানিমন্ত্রী এবং ইআইবির আরেক ভাইস প্রেসিডেন্ট টমাস অস্ট্রোস। 

ইইউর ঋণদান শাখা হিসেবে কাজ করা ইআইবি ১৬০টি দেশে ঋণ, গ্যারান্টি, ইকুইটি বিনিয়োগ এবং উপদেষ্টা পরিষেবা দিয়ে থাকে। ব্যাংকটি জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ ও টেকসই জ্বালানি শক্তি নিয়ে কাজ করে।