বিশ্ব মানবসম্পদ দিবস উপলক্ষে উত্তরা ইউনিভার্সিটিতে ‘ইউইউ এইচআর সামিট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন খাতের শীর্ষ করপোরেট কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে মানবসম্পদ ব্যবস্থাপনা, ভবিষ্যৎ কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এ সামিটের আয়োজন করা হয়। উত্তরা ইউনিভার্সিটির এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিস ও স্কুল অব বিজনেস যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। এতে সহযোগিতা করে ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনস। পৃষ্ঠপোষকতায় ছিল গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের অন্তত ২০ জন কর্মকর্তা অংশ নেন। আর্থিক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি ও তৈরি পোশাক খাতের মানবসম্পদ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অতিথিদের মধ্যে ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ, বিডিজবস ডটকমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাশরুর, ইউনাইটেড গ্রুপের গ্রুপ নির্বাহী পরিচালক মো. নওশাদ পারভেজ, মার্কেন্টাইল ব্যাংকের প্রথম সহসভাপতি শাহীন আক্তার, ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের প্রধান মানবসম্পদ কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ শামীম, গ্রামীণফোনের কৌশলগত মানবসম্পদ বিভাগের প্রধান অরুনিমা হাসান, বাংলালিংকের জ্যেষ্ঠ ব্যবস্থাপক হাবিবা ইয়াছমিন, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সহসভাপতি নুসরাত তাবাসসুম এবং এটিবি জবসের প্রধান পরিচালন কর্মকর্তা রেই তাকাহাশি।
এছাড়া ইউনাইটেড গ্রুপ, ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ব্র্যাকনেট, পার্টেক্স স্টার গ্রুপ, ক্রস ওয়ার্ল্ড পাওয়ার, ম্যাগপাই গ্রুপ, টেক্সা টিম গ্রুপ, লিড নেশন একাডেমি, ই-জোন এইচআরএম, ইনডেক্স অ্যাকসেসরিজ, অ্যাবা গ্রুপ ও হা-মীম গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
সামিটের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফোরাম ফর বাংলাদেশ এইচআর প্রফেশনালসের প্রতিষ্ঠাতা সভাপতি ড. মোশাররফ হোসেন। পরে অন্য বক্তারা তাদের অভিজ্ঞতা ও জ্ঞান শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেন। অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পখাতের সমন্বয়, বর্তমান সময়ের কর্মক্ষেত্র, ভবিষ্যতের চ্যালেঞ্জ এবং মানবসম্পদের পরিবর্তনশীল ধারা নিয়ে আলোচনা হয়।
বিভিন্ন খাতের মানবসম্পদ বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমিন আরা লেখা বলেন, বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হলো তাত্ত্বিক শিক্ষার সঙ্গে করপোরেট জগতের বাস্তব অভিজ্ঞতার ব্যবধান কমানো। তার মতে, এই সামিট ভবিষ্যৎ উপযোগী দক্ষ জনশক্তি তৈরির প্রচেষ্টার একটি অংশ।
তিনি বলেন, দেশের শীর্ষ করপোরেট ব্যক্তিদের সরাসরি ক্যাম্পাসে নিয়ে আসার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য এমন একটি সুযোগ তৈরি হয়েছে, যেখানে তারা বাস্তব কর্মক্ষেত্র সম্পর্কে ধারণা নিতে পারবে এবং ভবিষ্যতের নেতৃত্বের জন্য নিজেদের প্রস্তুত করতে পারবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উত্তরা ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. এ এস এম শাহাবুদ্দিন। আয়োজকেরা জানান, এ সামিটের মাধ্যমে শিক্ষার্থীরা করপোরেট জগতের বর্তমান নেতৃত্বের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার এবং যোগাযোগ তৈরির সুযোগ পেয়েছে।
—বিজ্ঞপ্তি










