আবুধাবির অর্থনৈতিক প্রবৃদ্ধি নয় বছরের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তেলবহির্ভূত অন্য খাতগুলোর কার্যক্রম। ফল তেলনির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বহুমাত্রিক করার লক্ষ্যমাত্রা বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে দেশটি। সম্প্রতি এমনটাই জানানো হয়েছে সরকারি পরিসংখ্যান বিভাগ থেকে। খবর দি অ্যারাবিয়ান বিজনেস 

আবুধাবির পরিসংখ্যান বিভাগ (এসসিএডি) প্রকাশিত প্রতিবেদন অনুসারে, চলতি বছরের প্রথম প্রান্তিকে গত বছরের তুলনায় জিডিপি বেড়েছে ৩ দশমিক ৯ শতাংশ। একই সময়ে তেলবহির্ভূত পণ্য বেড়েছে ৬ দশমিক ১ শতাংশ। তেলবহির্ভূত খাতের মধ্যে ছিল নির্মাণ স্থাপনা, পাইকারি ও খুচরা ব্যবসা, পরিবহন ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম। বিভিন্ন খাতের একীভূতকরণের চিত্র উঠে এসেছে প্রবৃদ্ধিতে।

প্রথম প্রান্তিকে তেলবহির্ভূত অন্য পণ্যের প্রবৃদ্ধি নয় বছরের সর্বোচ্চে। প্রবৃদ্ধি ছিল ১৪ হাজার ৬০০ কোটি আরব আমিরাতি দিরহাম বা ৪ হাজার কোটি ডলার। বিপরীতে ২০২২ সালের একই সময়ে প্রবৃদ্ধি ছিল ১৩ হাজার ৭৭০ কোটি ডলার। দেশের মোট জিডিপি পৌঁছেছে ২৭ হাজার ৬৬০ কোটি ডলারে। জিডিপিতে তেলবহির্ভূত অন্য খাতের হিস্যা দাঁড়িয়েছে ৫২ দশমিক ৮ শতাংশে। 

আবুধাবি অর্থনৈতিক উন্নয়ন বিভাগের চেয়ারম্যান আহমেদ জসিম আল জাবি দাবি করেছেন, শক্তিশালী, স্থিতিশীল ও টেকসই অর্থনীতির মাধ্যমে আবুধাবি তার অর্থনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ। তেলবহির্ভূত অন্যান্য খাত ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। আগামী দশকগুলোয় আবুধাবির অর্থনীতিকে বহুমাত্রিক রাখার দিকে মনোযোগ দেয়া হবে। মনোযোগ দেয়া হবে দক্ষ মানবসম্পদ, প্রতিভার বিকাশ, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্বের প্রতি। আবুধাবি অর্থনীতিকে বিনিয়োগকারী, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য অনুকূল হিসেবে তৈরি করতে চায়। পরিসংখ্যান বিভাগের জেনারেল ম্যানেজার আবদুল্লাহ গারিব আলকেমজি জানিয়েছেন, বছরের প্রথম প্রান্তিকের অগ্রগতিই প্রমাণ করে আবুধাবি এগিয়ে যাচ্ছে তার প্রত্যাশিত গন্তব্যের দিকে। এ বৃদ্ধি বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের জন্য আকর্ষণীয় ভূমিকা পালন করবে।

আবুধাবির নির্মাণ কার্যক্রম সাম্প্রতিক বছরগুলোয় সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে। ২০২২ সালের শেষ প্রান্তিক ও ২০২৩ সালে প্রথম প্রান্তিকে বার্ষিক ১৪ দশমিক ৪ ও ১৪ দশমিক ৫ শতাংশ বেড়েছে। প্রথম প্রান্তিকে আবুধাবির মোট জিডিপিতে নির্মাণ খাতের হিস্যা ছিল ৮ দশমিক ৫ শতাংশ। ব্যবহার্য পণ্য ও খাদ্য খাত গত বছরের এ সময়ের তুলনায় ১৪ দশমিক ৫ শতাংশ বেড়েছে। ব্যাংক খাত দ্রুত সম্প্রসারণ হচ্ছে আরব আমিরাতে। পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের প্রথম প্রান্তিকে আবুধাবির জিডিপিতে ইন্সুরেন্স ও ব্যাংক খাতের হিস্যা ৬ দশমিক ৩ শতাংশ।

পরিবহন ও মজুদ খাতও গত দুই বছরের সর্বোচ্চ পরিস্থিতিতে পৌঁছেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে গত বছরের তুলনায় বেড়েছে ১৩ দশমিক ৬ শতাংশ। পরিবহন বলতে স্থলপথ, আকাশপথ ও সমুদ্রপথের পরিবহনকেই অন্তর্ভুক্ত করা হয়। পাইকারি ও খুচরা বিক্রয় খাতেও আবুধাবি বিস্তৃতি ধরে রেখেছে। গত বছরের এ সময়ের তুলনায় বেড়েছে ১৩ দশমিক ৯ শতাংশ। জিডিপিতে মোট হিস্যা দাঁড়িয়েছে ৬ শতাংশে। আরব আমিরাত পর্যটন খাতে আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত হতে পরিকল্পনা নিয়েছে। গত এক দশকে তার প্রমাণও দেখা গেছে। ২০২২ সালেই মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মধ্যে আবুধাবির প্রবৃদ্ধি ছিল সর্বোচ্চ।