ফরাসি শিপিং গ্রুপ সিএমএ সিজিএম বিশাল জাহাজটি চালু করে সম্প্রতি। খবর ইউরো নিউজ।

নতুন জাহাজের নাম দেয়া হয়েছে ‘সিএমএ সিজিএম নটর ডেম’। এটি কোম্পানির নতুন বহরের প্রথম জাহাজ, যা এশিয়া ও ইউরোপের মধ্যকার গুরুত্বপূর্ণ নৌপথে চলাচল করবে। গত বৃহস্পতিবার ফ্রান্সের ল্য আভ্র বন্দরে জাহাজটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সিএমএ সিজিএম নটর ডেম জাহাজটি আকারে বিশাল। এর দৈর্ঘ্য প্রায় ৪০০ মিটার, যা সাধারণ চারটি ফুটবল মাঠের সমান। জাহাজটি প্রস্থে ৬২ মিটারেরও বেশি ও এটি একসঙ্গে ২৪ হাজার কনটেইনার বহন করতে পারে। পরিবেশবান্ধব এলএনজি জ্বালানি ব্যবহার করে চলাচলকারী কনটেইনার জাহাজের মধ্যে এটি এখন বিশ্বের সবচেয়ে বড় জাহাজ। ল্য আভ্র বন্দরে উদ্বোধনের পর আগামী সোমবার জাহাজটি এশিয়ার উদ্দেশে রওনা দেবে।

সিএমএ সিজিএমের তথ্যানুযায়ী, এটি এশিয়া ও ইউরোপের মধ্যে একটি রাউন্ড ট্রিপ বা পূর্ণ চক্র সম্পন্ন করতে ১০০ দিনের কিছু বেশি সময় নেবে। ইউরোপ থেকে এশিয়ার দিকে যাওয়ার সময় জাহাজটি বিভিন্ন ধরনের রাসায়নিক পণ্য, খাদ্যসামগ্রী, ওয়াইন ও স্পিরিট, ওষুধ, শিল্প-কারখানার যন্ত্রপাতি ও বিলাসবহুল পণ্য বহন করবে। এশিয়া থেকে ইউরোপে ফেরার পথে এটি ইলেকট্রনিকস সামগ্রী, পোশাক, গৃহস্থালি পণ্য ও বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য পরিবহন করবে।

সিজিএমের চেয়ারম্যান ও সিইও রডলফ সাদে জানান, ইউরোপের অর্থনৈতিক সক্ষমতা ধরে রাখার জন্য এশিয়া-ইউরোপ রুটটি অত্যন্ত জরুরি। সিইও জানান, প্রচলিত জ্বালানি তেলের তুলনায় এলএনজি ব্যবহারে কার্বন ডাই-অক্সাইড নির্গমন প্রায় ২০-২৫ শতাংশ কম হয়। ২০৫০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জনের এ লক্ষ্য পূরণে বড় ভূমিকা রাখবে জাহাজটি।