আগামী দিনে দেশের পুঁজিবাজার আরো ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। গতকাল ডিএসই ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধি দল অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
ডিবিএর সেক্রেটারি মো. দিদারুল গনীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল ডিবিএর প্রতিনিধি দল সংগঠনটির প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে অর্থমন্ত্রীর সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করে। এ সময় তারা ডিবিএর পক্ষ থেকে নতুন অর্থমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বৈঠকে ডিবিএর প্রেসিডেন্ট পুঁজিবাজার পরিস্থিতি সম্পর্কে অর্থমন্ত্রীকে অবহিত করেন এবং বাজারের উন্নয়নে তার সহযোগিতা কামনা করেন। অর্থমন্ত্রী ডিবিএ নেতাদের কথা গভীর মনোযোগসহকারে শোনেন এবং বাজারের উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন। বৈঠকে অন্যদের মধ্যে ডিবিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন ও ভাইস প্রেসিডেন্ট ওমর হায়দার খাঁন উপস্থিত ছিলেন।










