দেশের ব্যাংকিং ব্যবস্থার ওপর জনগণের আস্থা পুনরুদ্ধার ও ব্যাংক খাতের হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করার জন্য ব্যাংক মালিক ও ব্যাংকার্স নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করে অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) একটি প্রতিনিধি দল। এ দলের নেতৃত্বে ছিলেন সংগঠনটির চেয়ারম্যান আব্দুল হাই সরকার। এছাড়া প্রতিনিধি দলে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ২৬টি ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তারা ছিলেন। প্রতিনিধি দলে ভাইস চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী, রাশেদ আহমেদ চৌধুরী ও শরীফ জহিরসহ রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ২৬টি ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তারা ছিলেন।
বিএবির পক্ষ থেকে রাষ্ট্রপতিকে অভিনন্দন জানানো হয় এবং বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় তার অবদান এবং দেশের প্রতিষ্ঠান ও অর্থনীতিকে শক্তিশালী করার প্রতি তার অঙ্গীকারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সাক্ষাৎকালে ব্যাংক চেয়ারম্যানরা ব্যাংক খাতের সার্বিক চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে পৃথকভাবে বক্তব্য রাখেন। তারা ব্যাংকগুলোর মূলধন ভিত্তি, সম্পদের গুণগত মান ও সুশাসন শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং মত প্রকাশ করেন যে এ পর্যায়ে আর কোনো নতুন ব্যাংকের লাইসেন্স প্রদান করা উচিত নয়; বরং বিদ্যমান ব্যাংকগুলোকে শক্তিশালী ও সুসংহত করাকেই অগ্রাধিকার দেয়া প্রয়োজন।









