কয়েক মাস ধরে অর্থনৈতিক সংকটসহ নানা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে দ্বীপরাষ্ট্র শ্রীলংকা। এ কারণে চা উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। এ অবস্থায় শ্রীলংকার চা রফতানিতে সৃষ্ট ঘাটতি পূরণে সহায়তা করতে পারে ভারত। টি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (টিএআই) এ তথ্য জানিয়েছে।
নিউজ ডে এক্সপ্রেস প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, টিএআইয়ের সাধারণ সম্পাদক পিকে ভট্টাচার্য বলেন, শ্রীলংকায় চা উৎপাদনের ঘাটতি পূরণ করতে পারে ভারত। এর মাধ্যমে ভারতীয় চা উৎপাদনকারীদের ঐতিহ্যবাহী জাতের চায়ের মূল্যবৃদ্ধি পেতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
সম্প্রতি নিলামে ভারতীয় চায়ের মূল্য বেড়ে প্রতি কেজি ১০০ রুপি হয়েছে। যেখানে আগে প্রতি কেজি চায়ের মূল্য ছিল ৭৫ রুপি। ভারত প্রতি বছর ১১-১২ কোটি কেজি ঐতিহ্যবাহী জাতের চা উৎপাদন করে।
টিএআই অনুসারে, ২০২১ সালের তুলনায় শ্রীলংকায় গত জুলাই শেষে ঐতিহ্যবাহী চায়ের উৎপাদন প্রায় ১৯ শতাংশ কমেছে। পিকে ভট্টাচার্য বলেন, শ্রীলংকায় অর্থনৈতিক সংকটে ঐতিহ্যবাহী চা উৎপাদন কমেছে। এ সংকট চলতে থাকলে দেশটিতে চা উৎপাদন প্রায় ১০ কোটি কেজি কমতে পারে। এ ঘাটতি পূরণে ভারতীয় চা উৎপাদনকারীরা সহায়তা করতে পারে।
টিএআই জানায়, ২০২২ সালের জুলাই পর্যন্ত ভারতের চা রফতানি প্রায় ৯ শতাংশ বেড়েছে। চলতি বছরে মোট চা রফতানি ২০ কোটি কেজি পর্যন্ত হতে পারে। এদিকে কমনওয়েলথভুক্ত দেশগুলোর পর সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ভারতীয় চায়ের সবচেয়ে বড় ভোক্তা।










