আন্তর্জাতিক বাজারে গতকাল স্বর্ণের দাম বেড়ে এক মাসের সর্বোচ্চে পৌঁছেছে। ডলারের নিম্নমুখী দাম এক্ষেত্রে প্রধান প্রভাবকের ভূমিকা রেখেছে। বিনিয়োগকারীদের প্রত্যাশা, মার্কিন ফেডারেল রিজার্ভ শিগগিরই আগ্রাসী মুদ্রানীতি থেকে সরে আসবে। এর ফলে স্বর্ণের বাজার আরো চাঙ্গা হয়ে উঠতে পারে। খবর রয়টার্স। 

স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৯৫৮ ডলার ৯৯ সেন্টে, যা গত ১৬ জুনের পর সর্বোচ্চ। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে স্বর্ণের সরবরাহ সরবরাহ মূল্য দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৯৬২ ডলার ৯০ সেন্টে। 

যুক্তরাষ্ট্র মূল্যস্ফীতিসংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর পরই ডলারের বিনিময় মূল্য কমে যায়। বর্তমানে ডলারের মান এক বছরের সর্বনিম্নে অবস্থান করছে। এর ফলে অন্য মুদ্রার ক্রেতাদের কাছে আরো বেশি সহজলভ্য হয়ে উঠেছে স্বর্ণ, যা মূল্যবান ধাতুটির চাহিদা বৃদ্ধিতে সহায়তা করছে। অন্যদিকে মার্কিন ট্রেজারি ইল্ডে সুদহার কমে এক সপ্তাহের সর্বনিম্নে নেমেছে। 

বিশ্লেষকরা বলছেন, বিশ্বের উন্নত দেশগুলোয় মূল্যস্ফীতির হার শিথিল হতে শুরু করেছে। ফলে সুদহার বৃদ্ধির প্রবণতা কমতে পারে। এ ধারা অব্যাহত থাকলে আগামী দিনগুলোয় স্বর্ণের দাম বেড়ে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারে।