আন্তর্জাতিক বাজারে বেড়েছে অ্যালুমিনিয়ামের দাম। সর্বশেষ কার্যদিবসে ধাতুটির দাম বেড়ে ১০ বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মূলত সরবরাহ ঘাটতির আশঙ্কায় ধাতুটির বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে বলে জানিয়েছেন বাজারসংশ্লিষ্টরা। খবর রয়টার্স ও নাসডাক।

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) বাজার আদর্শ অ্যালুমিনিয়ামের তিন মাসের সরবরাহ চুক্তিমূল্য বেড়েছে ১ দশমিক ৪ শতাংশ। কার্যদিবসের শুরুতে প্রতি টন অ্যালুমিনিয়ামের দাম ২ হাজার ২৩৪ ডলার ৫০ সেন্ট পর্যন্ত উঠেছে। এর আগে ২০১১ সালের মে মাসে ধাতুটির দাম টনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৭৩৪ ডলার ৫০ সেন্টে পৌঁছেছিল।

বৈশ্বিক প্রাইমারি অ্যালুমিনিয়াম উৎপাদনে দ্বিতীয় ভারত। দেশটিতে কয়লার সংকট দেখা দিয়েছে। ফলে কয়েক ধাপে দেশটির অ্যালুমিনিয়াম উৎপাদন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভারতে কয়লার সরবরাহ সংকট বিশ্ববাজারে অ্যালুমিনিয়াম সরবরাহ ঘাটতির উদ্বেগ তৈরি করেছে। ধাতুটির মূল্যবৃদ্ধিতে এটি প্রধান ভূমিকা পালন করেছে।

এদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে অক্টোবরে সরবরাহ চুক্তিতে প্রতি টন অ্যালুমিনিয়াম ২১ হাজার ৪৬০ ইউয়ান মূল্যে বিক্রি হয়েছে। ধাতুটির দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়েছে। চীনে ধাতব পণ্য উৎপাদন কমিয়ে আনার সিদ্ধান্তও অ্যালুমিনিয়ামের দাম বাড়াতে সাহায্য করছে।