এখন থেকে দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পরিচালিত হবে। আর লেনদেন চলবে বেলা ৩টা পর্যন্ত। আগে এ সূচি ছিল যথাক্রমে সন্ধ্যা ৬টা ও বিকাল ৪টা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক থেকে গতকাল জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দেয়া হয়।
এতে বলা হয়, সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উল্লিখিত সময়সূচি অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। ৫ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সূচি অনুযায়ীই ব্যাংক চলবে।
এদিকে পৃথক আরেক সার্কুলারে আর্থিক প্রতিষ্ঠানের জন্যও অফিস সময়সূচি নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনায় বলা হয়, বাংলাদেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পরিচালিত হবে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে দেশব্যাপী জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয় সরকার। মন্ত্রিসভার বৈঠকে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি অফিসের সময় ১ ঘণ্টা কমিয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়। এছাড়া দেশের সব দোকানপাট, বাণিজ্য বিতান ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করে দেয়ারও নির্দেশনা দেয়া হয়।










