পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পর্ষদ সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
স্ট্যান্ডার্ড সিরামিকের পর্ষদ সভায় চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৯ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৯৯ পয়সা। সে হিসাবে কোম্পানিটির লোকসান বেড়েছে ৬ দশমিক ৩৬ গুণ। সমাপ্ত ২০২৩ হিসাব বছরে স্ট্যান্ডার্ড সিরামিকসের শেয়ারপ্রতি নিট দায় হয়েছে ১৪ টাকা ৮২ পয়সা। আলোচ্য হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটির পর্ষদ। সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজের পর্ষদ।
ইউনাইটেড ইন্স্যুরেন্সের পর্ষদ সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। সমাপ্ত ২০২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮১ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৪০ পয়সায়। সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য শেয়াহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।










