‘দ্য ফাস্ট মোড অ্যাওয়ার্ডস ২০২৫’-এ দুটি মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে বাংলালিংক। নেতৃত্বে উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইওহান বুসে পেয়েছেন এশিয়া প্যাসিফিক অঞ্চলের ‘সিইও অব দ্য ইয়ার’ সম্মাননা। অন্যদিকে গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নে ধারাবাহিক অগ্রগতির জন্য বাংলালিংক অর্জন করেছে ‘কাস্টমার এক্সপেরিয়েন্স (সিএক্স) চ্যাম্পিয়ন’ পুরস্কার।
মালয়েশিয়াভিত্তিক টেলিযোগাযোগ বিষয়ক গণমাধ্যম ও গবেষণা প্লাটফর্ম ‘দ্য ফাস্ট মোড’-এ সম্মাননার মাধ্যমে টেলিযোগাযোগ খাতে উদ্ভাবন, নেতৃত্ব ও শিল্পে প্রতিষ্ঠানগুলোর ইতিবাচক প্রভাবকে তুলে ধরে। এবারের আয়োজনে টেলিযোগাযোগ, সেবাদাতা ও নেতৃত্বে উৎকর্ষ এ তিন বিভাগে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৩০০-এর বেশি মনোনয়ন জমা পড়ে। পরে এসব মূল্যায়ন করে আন্তর্জাতিক গবেষণা সংস্থা, শিল্প খাতের বিশেষজ্ঞ ও অভিজ্ঞ বিশ্লেষকদের সমন্বয়ে গঠিত একটি স্বাধীন প্যানেল।
বাংলালিংকের প্রধান নির্বাহী ইওহান বুসে এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিইও অব দ্য ইয়ার নির্বাচিত হওয়ার নেপথ্যে রয়েছে তার নেতৃত্বে পরিচালিত প্রতিষ্ঠানটির রূপান্তরমূলক কর্মসূচি রিসেট ২.০।
অন্যদিকে বাংলালিংকের গ্রাহকসেবা চ্যাম্পিয়ন পুরস্কার অর্জন প্রতিষ্ঠানটির প্রযুক্তি ও উদ্ভাবননির্ভর সেবার মাধ্যমে গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নে ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন। পুরস্কার প্রাপ্তিতে কৃতজ্ঞতা জানিয়ে ইওহান বুসে বলেন, ‘এসব স্বীকৃতি বাংলালিংকের সব সহকর্মীর সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা গ্রাহকদের প্রয়োজন আন্তরিকভাবে শুনছি, উপলব্ধি করছি ও তাদের প্রত্যাশার প্রতি সহমর্মিতার সঙ্গে সাড়া দিচ্ছি। ফলে গ্রাহক সন্তুষ্টি ধারাবাহিকভাবে বাড়ছে, যা আমাদের অক্লান্ত পরিশ্রমেরই প্রতিফলন।’-বিজ্ঞপ্তি










