আন্তর্জাতিক বাজারে আবারো বেড়েছে গমের ভবিষ্যৎ সরবরাহ মূল্য।
সর্বশেষ কার্যদিবসে শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) কৃষিপণ্যটির দাম বেড়ে এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চে
পৌঁছেছে।
মূলত শীর্ষ গম রফতানিকারক রাশিয়ায় সরবরাহ সংকটের আশঙ্কায় মূল্যবৃদ্ধির এ ঘটনা ঘটেছে।
খবর বিজনেস রেকর্ডার।
রাশিয়ান গমের রফতানি মূল্য টানা আট সপ্তাহের মতো বৃদ্ধি পেয়েছে।
উচ্চ রফতানি শুল্কের কারণে কৃষিপণ্যটির বাজারে ঊর্ধ্বমুখিতা অব্যাহত আছে।
এদিকে স্থানীয় বাজারে গমের চাহিদা বেশি।
কিন্তু সে তুলনায় উৎপাদন বাড়েনি।
এ বিষয়টিও গমের মূল্যবৃদ্ধিতে ভূমিকা রাখছে।
এদিকে গমের পাশাপাশি বেড়েছে ভুট্টা ও সয়াবিনের দামও।
বাজারসংশ্লিষ্টরা জানান, কৃষ্ণসাগরীয় অঞ্চলে গমের সরবরাহ সংকুচিত হওয়ায় উদ্বেগের মধ্যে রয়েছেন ক্রেতারা।
তবে বছরের শেষ নাগাদ অস্ট্রেলিয়া সরবরাহ ধারায় আশা জাগাতে পারে।
শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গমের ভবিষ্যৎ সরবরাহ চুক্তিমূল্য বেড়েছে দশমিক ৭ শতাংশ।
এদিন প্রতি বুশেল গম ৭ ডলার ৩১ সেন্টে লেনদেন হয়।
এর আগে অধিবেশনের শুরুতে পণ্যটির দাম ৭ ডলার ৩২ সেন্ট পর্যন্ত ওঠে, যা ৩০ আগস্টের পর সর্বোচ্চে।
এছাড়া প্রতি বুশেল সয়াবিনের দাম দশমিক ৬ শতাংশ বেড়ে ১৩ ডলারে উন্নীত হয়েছে।
ভুট্টার দাম বেড়েছে দশমিক ৩ শতাংশ।
এ সময় প্রতি বুশেল ভুট্টা ৫ ডলার ২১ সেন্টে লেনদেন করা হয়।










