পাট ও পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণ ও এ খাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা চান পাট ও পাটজাত পণ্যের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। অগ্রিম আয়কর (এআইটি), টিডিএস, ভর্তুকির ওপর কর, কাঁচা পাটের উচ্চ মূল্য, ব্যাংক ঋণের চাপসহ বিভিন্ন কারণে কারখানা চালানো কঠিন হয়ে পড়েছে বলে মনে করছেন এ খাতের ব্যবসায়ীরা।
গতকাল এফবিসিসিআইয়ের পাট ও পাটপণ্যবিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভায় এ বিষয়ে কথা বলেন ব্যবসায়ীরা। রাজধানীর মতিঝিলে অবস্থিত এফবিসিসিআই আইকনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।
সভায় সভাপতিত্ব করেন কমিটির কো-চেয়ারম্যান ও জেম জুট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী নাবিল আহমেদ। সভায় আরো বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মো. আমিন হেলালী, এফবিসিসিআইয়ের পরিচালক আজিজুল হক, সাবেক পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারি, এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর, কমিটির কো-চেয়ারম্যান ও সদস্য।










