চলতি বছর মেক্সিকোয় ২ কোটি ৮৫ লাখ টন ভুট্টা উৎপাদন হবে বলে আশা প্রকাশ করেছে দেশটির কৃষি মন্ত্রণালয়। দেশীয় ভুট্টার জাতগুলোকে রক্ষা করতে জেনেটিকালি মডিফাইড (জিএম) ভুট্টা আমদানি সীমিত করার পদক্ষেপ নিয়েছে মেক্সিকো। এ অবস্থায় স্থানীয়ভাবে ভুট্টা উৎপাদনের প্রতি জোর দিচ্ছে দেশটি। খবর বিজনেস রেকর্ডার।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ঘোষিত উৎপাদন লক্ষ্যমাত্রার মধ্যে সাদা ও হলুদ উভয় ধরনের ভুট্টা রয়েছে। দেশটির প্রধান খাদ্য টর্টিলা তৈরিতে ব্যবহার হয় সাদা ভুট্টা। সরকারি তথ্যানুসারে, চলতি বছর সাদা ভুট্টা উৎপাদনের পরিমাণ ২ কোটি ৪৯ লাখ টন হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া চলতি বছর হলুদ ভুট্টার উৎপাদন ৩৬ লাখ ১০ হাজার টন হতে পারে বলে উল্লেখ করা হয়।  জেনেটিকালি-মডিফাইড (জিম) ভুট্টার ব্যবহার সীমিত করার নীতি ঘিরে ব্যবসায়িক অংশীদার যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছে মেক্সিকো। এ অবস্থায় সরকারের পক্ষ থেকে ক্ষুদ্র পর্যায়ের কৃষকদের জন্য বিনামূল্যে সার দেয়া হচ্ছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, সরকারের সার কর্মসূচি উৎপাদনকে ত্বরান্বিত করবে বলে ধারণা করছে তারা।

যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকো বছরে প্রায় ৫০০ কোটি ডলার মূল্যের ভুট্টা আমদানি করে, যার বেশির ভাগই জিএম হলুদ ভুট্টা, যা সাধারণত গবাদি পশুর খাদ্যের জন্য ব্যবহার হয়। সরকারি আদেশ জারির মাধ্যমে ধীরে ধীরে জিএম ভুট্টার প্রতিস্থাপন এবং খাবারে এর ব্যবহার নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়।