চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারবাজারে তালিকাভুক্ত বিএসআরএম লিমিটেড ও বিএসআরএম স্টিলস লিমিটেডের আয় কমেছে। তবে আয় কমলেও কোম্পানি দুটির নিট মুনাফা বেড়েছে। কোম্পানি দুটির সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

বিএসআরএম লিমিটেড: চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে বিএসআরএম লিমিটেডের সমন্বিত আয় হয়েছে ২ হাজার ৩৩ কোটি ৭৪ লাখ ৬ হাজার ১১৬ টাকা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ২ হাজার ৭৫ কোটি ৩৯ লাখ ৯৬ হাজার ৭৩২ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত আয় কমেছে ৪১ কোটি ৬৫ লাখ ৯০ হাজার ৬১৬ টাকা বা ২ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ৬৫ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার ৯১৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কর-পরবর্তী লোকসান হয়েছিল ১৬৪ কোটি ৪২ লাখ ৬৪ হাজার ৪৩৪ টাকা। প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ২০ পয়সা। আগের হিসাব বছরের একই সময় শেয়ারপ্রতি সমন্বিত লোকসান ছিল ৫ টাকা ৫১ পয়সা। 

বিএসআরএম স্টিলস: চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ১ হাজার ৪৮০ কোটি ৬ লাখ ৫৭ হাজার ১৪৮ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৬৮২ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ২৭০ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় কমেছে ২০২ কোটি ২৬ লাখ ১৭ হাজার ১২২ টাকা বা ১২ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪৫ কোটি ৬৪ লাখ ১ হাজার ৩৭৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কর-পরবর্তী নিট লোকসান ছিল ৩৪ কোটি ৮০ লাখ ৪২ হাজার ৯৬২ টাকা। প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২১ পয়সা।