ব্রাজিলে ভুট্টা উৎপাদন হ্রাসের পূর্বাভাস মিলেছে। দেশটিতে ভুট্টার আবাদ বাড়লেও খরা ও তীব্র তুষারপাতের কারণে উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। ব্রাজিলের ন্যাশনাল এগ্রিকালচারাল এজেন্সি কোনাব এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ব্রাজিল গত মৌসুমে ১০ কোটি ২৬ লাখ টন ভুট্টা উৎপাদন করেছিল। চলতি মৌসুমে উৎপাদন কমে ৮ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টনে নেমে আসার পূর্বাভাস দেয় কোনাব। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে আগস্টে দেয়া এ পূর্বাভাস আরো কমিয়ে সম্প্রতি ৮ কোটি ৫৭ লাখ ৪৯ হাজার টনে নামিয়ে আনা হয়েছে।

মাসভিত্তিক এক সমীক্ষায় কোনাব জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ভুট্টার বিপণন মৌসুম শুরু হয়েছে। আগামী বছরের জানুয়ারিতে মৌসুম শেষ হবে। মৌসুম শেষে খাদ্যশস্যটির উৎপাদন আগস্টে দেয়া পূর্বাভাসের তুলনায় কমবে। ব্রাজিলের ভুট্টা উৎপাদনের জন্য প্রসিদ্ধ রাজ্যগুলোতে খরার কারণে জমির মাটি শুকিয়ে ভুট্টা গাছ মরে গেছে। খরার ধকল সামলে ওঠার আগেই জুনের শেষ দিকে দেখা দেয় তীব্র তুষারপাত। আবহাওয়ার এমন বিরূপ প্রভাবে দেশটির ভুট্টা উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে।

চলতি মৌসুমে ব্রাজিলে প্রায় ১ কোটি ৪৯ লাখ ৩৫ হাজার হেক্টর জামিতে ভুট্টা আবাদ করা হয়েছে। গত মৌসুমের তুলনায় আবাদ বেড়েছে ৮ দশমিক ৬ শতাংশ। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে প্রতি হেক্টর জমির উৎপাদন সক্ষমতা কমেছে ২৭ শতাংশ। বর্তমানে প্রতি হেক্টর জমি থেকে ৩ হাজার ৯৮২ কেজি ভুট্টা উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে জানায় কোনাব।