দেশের মোবাইল আর্থিক সেবায় প্রথমবারের মতো ‘স্টুডেন্ট অ্যাকাউন্ট’ নিয়ে এসেছে বিকাশ। ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যে ও ভবিষ্যৎ প্রজন্মকে ডিজিটাল লেনদেনে প্রস্তুত করতে ১৪ থেকে ১৮ বছরের নিচের বয়সীদের জন্য এ বিশেষ অ্যাকাউন্ট যুক্ত থাকবে তাদের মা অথবা বাবার বিকাশ অ্যাকাউন্টের সঙ্গে। এ ‘স্টুডেন্ট অ্যাকাউন্ট’ খুলতে প্রয়োজন হবে ডিজিটাল জন্মসনদ, মা অথবা বাবার বিকাশ অ্যাকাউন্ট নম্বর ও তাদের সম্মতি। অভিভাবকরা এই হিসাব তত্ত্বাবধান করতে পারবেন। মা অথবা বাবা যেকোনো সময়ে বিকাশ অ্যাপের স্টেটমেন্ট থেকেই সন্তানের ‘স্টুডেন্ট অ্যাকাউন্ট’ -এর সব লেনদেন দেখভাল করতে পারবেন। শিক্ষার্থীদের স্কুল-কলেজের ফি পরিশোধ, ছোট ছোট দৈনন্দিন কেনাকাটা, মোবাইল রিচার্জ, কাউকে টাকা পাঠানো, বিল পরিশোধসহ কয়েক ধরনের সেবা নেয়া যাচ্ছে এ অ্যাকাউন্ট থেকে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে এ অ্যাকাউন্টে সর্বোচ্চ ৩০ হাজার টাকা রাখা যাবে। দিনে ৫ হাজার ও মাসে সর্বোচ্চ ২৫ হাজার টাকা লেনদেন করা যাবে। ‘স্টুডেন্ট অ্যাকাউন্ট’-এ সেন্ড মানির মাধ্যমে টাকা গ্রহণ করা গেলেও এখানে ক্যাশ ইন বা অ্যাড মানি সেবা ব্যবহারের সুযোগ থাকছে না।
বিকাশ অ্যাপ দিয়ে ‘স্টুডেন্ট অ্যাকাউন্ট’ খুলতে অ্যাপ ডাউনলোড করে লগইন বা রেজিস্টার-এ করতে হবে। নিজের মোবাইল নম্বর দিয়ে ‘জন্ম সনদ’ অপশনটি সিলেক্ট করতে হবে। নির্দিষ্ট ধাপ অনুসরণ করে সফলভাবে এই ‘স্টুডেন্ট অ্যাকাউন্ট’ খুললেই বিকাশের পক্ষ থেকে নতুন অ্যাকাউন্টে ২৫ টাকার বোনাস পেয়ে যাবেন শিক্ষার্থীরা।—বিজ্ঞপ্তি










