সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিকস উৎপাদনের জন্য প্রয়োজনীয় ধাতু গ্যালিয়াম ও জার্মেনিয়াম। ধাতু দুটির রফতানিতে চীনের নিয়ন্ত্রণ আরোপের তীব্র বিরোধিতা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বুধবার বলেন, ‘ওয়াশিংটন অংশীদার ও মিত্রদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানে কাজ করবে।’ খবর রয়টার্স।
চীনের রফতানি নিয়ন্ত্রণের আকস্মিক ঘোষণার ফলে সরবরাহ ঘাটতির পাশাপাশি মূল্যবৃদ্ধি পেয়েছে, যা বৈদ্যুতিক যানবাহন ও ফাইবার অপটিক কেবলের মতো শিল্পগুলোকে ব্যাপক নেতিবাচকভাবে প্রভাবিত করেছে। জার্মেনিয়াম কম্পিউটার চিপ, প্লাস্টিক, সামরিক অ্যাপ্লিকেশন ও স্যাটেলাইট সেন্সরগুলোয় ব্যবহার হয়। অন্যদিকে গ্যালিয়াম রাডার, যোগাযোগ বৈদ্যুতিক ডিভাইস, স্যাটেলাইট ও এলইডিতে ব্যবহার হয়। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় ও অংশীদাররা সরবরাহ শৃঙ্খলায় বৈচিত্র্য ও টেকসই ব্যবস্থাপনায় জোর দিচ্ছে।
ইউরোপিয়ান কমিশনও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। জার্মানির অর্থমন্ত্রী লিথিয়ামের মতো অন্যান্য উপকরণ নিয়ন্ত্রণের প্রবণতায় আশঙ্কা প্রকাশ করেছেন। এ উত্তেজনা মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান দ্বন্দ্বের অংশ, যা বাণিজ্য, কভিডের উৎস, সাইবার নিরাপত্তা, গুপ্তচরবৃত্তির অভিযোগ এবং প্রযুক্তিগত প্রতিযোগিতার মতো বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে ক্রমে বড় হয়েছে।










