চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আয় আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় প্রায় ৮ শতাংশ কমেছে। তবে এ সময় কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে। কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ৬৩৩ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ৯০৮ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৮৭ কোটি ৭ লাখ ৮৪ হাজার ৬২৫ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে আয় কমেছে ৫৩ কোটি ৭০ লাখ ৩৩ হাজার ৭১৭ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫৬ কোটি ১২ লাখ ৩৮ হাজার ১০১ টাকা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ৪৬ কোটি ৪৯ লাখ ২৪ হাজার ৩৫৯ টাকা। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮১ পয়সা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ২ টাকা ৩৩ পয়সা। 

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের বিক্রি বাবদ আয় হয়েছে ২ হাজার ৫৭৮ কোটি ৫২ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ২ হাজার ১৪৩ কোটি ৮৮ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৫৫ কোটি ৬২ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১২০ কোটি ৫১ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ টাকা ৭৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ৩ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫০ টাকা ১২ পয়সায়। 

এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২১ ডিসেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর। 

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১০ টাকা ১৯ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৪৬ টাকা ৮৪ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১০ টাকা ১৯ পয়সা।