আগস্টেও অপরিশোধিত পাম অয়েলের রফতানি শুল্ক ৮ শতাংশে বহাল রাখার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। এছাড়া পণ্যটির রেফারেন্স মূল্য বাড়ানো হয়েছে। মালয়েশিয়ান পাম অয়েল বোর্ড সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মালয়েশিয়া বিশ্বের দ্বিতীয় শীর্ষ পাম অয়েল উৎপাদক ও রফতানিকারক দেশ। আগস্টের জন্য দেশটির পাম অয়েলের রেফারেন্স মূল্য ধরা হয়েছে টনপ্রতি ৩ হাজার ৬১৪ দশমিক ২৮ রিঙ্গিত বা ৮০০ ডলার ১৫ সেন্ট। জুলাইয়ের রেফারেন্স মূল্য ছিল ৩ হাজার ৬০৪ দশমিক ৭৩ রিঙ্গিত।
বিদ্যমান নিয়ম অনুযায়ী, প্রতি টন অপরিশোধিত পাম অয়েলের দাম ২ হাজার ২৫০ থেকে ২ হাজার ৪০০ ডলারের মধ্যে থাকলে রফতানি শুল্ক পরিশোধ করতে হয়। এক্ষেত্রে শুল্কে হার ৩ শতাংশ। প্রতি টনের দাম ৩ হাজার ৪৫০ রিঙ্গিত অতিক্রম করলে সর্বোচ্চ ৮ শতাংশ শুল্ক দিতে হয়।
মালয়েশিয়ায় গত জুনে পাম অয়েলের মজুদ বেড়েছে। তবে বৃদ্ধির হার ছিল প্রত্যাশার চেয়েও ধীর। উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি রফতানি বেড়ে যাওয়ায় মজুদ প্রবৃদ্ধিতে কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে। মালয়েশিয়ান পাম অয়েল বোর্ডের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
জুনে দেশটিতে পাম অয়েলের মজুদ এর আগের মাসের তুলনায় ১ দশমিক ৯ শতাংশ বেড়েছে। মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ ২০ হাজার টনে, যা চার মাসের মধ্যে সর্বোচ্চ। যদিও এর আগে রয়টার্স ১০ দশমিক ৫ শতাংশ মজুদ বাড়ার পূর্বাভাস দিয়েছিল।
মালয়েশিয়ায় জুনে পাম অয়েল উৎপাদন আগের মাসের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ কমেছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ১৪ লাখ ৫০ হাজার টনে। পাম অয়েল বোর্ডের তথ্য বলছে, উৎপাদন কমে যাওয়ায় কিছুটা অবাক হয়েছেন খাতসংশ্লিষ্টরা। কারণ তারা ওই মাসে উৎপাদন বাড়বে বলে প্রত্যাশা করেছিলেন। এদিকে জুনে পণ্যটির রফতানি আগের মাসের তুলনায় ৮ দশমিক ৬ শতাংশ বেড়েছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১১ লাখ ৭০ হাজার টন।










