হংকংয়ের পোশাক প্রস্তুতকারী ক্রিস্টাল ইন্টারন্যাশনাল গ্রুপ বলছে, ডেনিম পোশাককে আরো পরিবেশবান্ধব করতে গ্লোবাল ফ্যাশন ব্র্যান্ডগুলোর প্রচেষ্টা ফল দিয়েছে। কিন্তু সম্পূর্ণ উৎপাদন চক্রের কিছুই নষ্ট হতে না দেয়ার লক্ষ্যমাত্রা এখনো পূরণ হয়নি। খবর সাউদ চায়না মর্নিং পোস্ট।
ব্যবসায়িক ইউনিট ক্রিস্টাল ডেনিমের স্থায়িত্বের সহকারী ব্যবস্থাপক টম ওং বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের অনেক ফ্যাশন ব্র্যান্ড কার্বন নিঃসরণ ও পানির ব্যবহার কমাতে ফ্যাব্রিক ও পোশাকের বর্জ্য সংগ্রহ, পুনর্ব্যবহার এবং পুনঃপ্রয়োগের সম্ভাব্যতা নিয়ে গবেষণা করছে।
তিনি বলেন, ‘শিল্পটি স্থানীয় পুনর্ব্যবহারযোগ্য ও প্রক্রিয়াজাতের জন্য বর্জ্য রফতানির বিকল্পগুলো অনুসন্ধান করছে। তবে কারখানার সক্ষমতা ও সরকারি নীতির ভিন্নতার কারণে এখন পর্যন্ত এ ব্যাপারে তেমন অগ্রগতি আসেনি।’
জাতিসংঘের পরিবেশ কর্মসূচি অনুসারে বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধির জন্য প্রধান দায়ী ধরা হয় ফ্যাশন শিল্পকে। বিশ্বব্যাপী কার্বন ডাই-অক্সাইড নির্গমনের জন্য এককভাবে এ শিল্প ৮ শতাংশ পর্যন্ত দায়ী।
ওং বলেছেন, উৎপাদন চক্র (সার্কুলারিটি) ফ্যাশন শিল্পে একটি আলোচিত বিষয় এবং অনেক ব্র্যান্ড এ উদ্যোগ চালু করেছে। কিন্তু বিভিন্ন দেশের নানা সীমাবদ্ধতা ও আইনের কারণে কীভাবে মডেলটির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায় সে ব্যাপারে এখনো কোনো কোনো বৈশ্বিক ঐকমত্য নেই।
ওং বলেন, ‘চীনে পুনর্ব্যবহৃত ফেব্রিক ও টেক্সটাইল বর্জ্য সাধারণত গ্লাভস এবং সোফা-কুশন ফিলিংস তৈরিতে ব্যবহার করা হয়। কিন্তু বর্জ্য থেকে শক্তি উৎপাদনের দৃশ্য দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিরল বলা যায়। তবে ক্রিস্টাল ইন্টারন্যাশনালের কারখানাগুলো মাটি থেকে বর্জ্য সরানোর জন্য পুনর্ব্যবহারযোগ্য জিনিস তৈরি ও বর্জ্য থেকে শক্তিতে রূপান্তর করার মতো বিকল্প চিন্তা করছে।’










